শাওন পাটওয়ারী :
চাঁদপুর শহরের পুরানবাজার লোহারপুল থেকে দোকানঘর পর্যন্ত রাস্তার করুণ দশার অবশেষে অবসান হতে যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে উন্নতমানের সড়ক নির্মাণ করা হবে সেখানে। শনিবার সকালে এই কাজের উদ্বোধন করা হয়েছে। দোকানঘর এলাকায় রাস্তার কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি বলেন, এই সরকার যুগ উপযোগী সমাজ ব্যবস্থা তৈরি করার সরকার, ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন। আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন এবং আমাদের রোডস কর্তৃপক্ষের উপর আস্থা রাখতে পারেন। কোয়ালিটিপূর্ণ কাজ হবে।
তিনি বলেন, এই রাস্তাটা দীর্ঘদিন ২৪ এর গণঅভ্যুত্থানের পরে চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় কাজ করতে পারছি। সাধারণ মানুষের ভবিষ্যতে আর ভোগান্তি হবে না। এটা আমরা নিশ্চিত করতে পারি। যেখানেই উন্নয়ন হবে সে উন্নয়নই টেক্সটাই উন্নয়ন হবে। লুটপাটের উন্নয়ন আর হবে না, এটা বন্ধ হয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশসহ আরো অনেকে।
উল্লেখ্য, চাঁদপুর পুরানবাজার লোহারপুল এলাকা থেকে দোকানঘর পর্যন্ত (১ কিলোমিটার) রাস্তার কাজের উদ্বোধন করা হয়। রাস্তার কাজের জন্য বরাদ্দ ১ কোটি ৫০ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসরায়া আরার এসোসিয়েট কাজটি সম্পন্ন করবে। চাঁদপুরের লোকাল প্রতিনিধি ফারুক মৃধা।
