Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

এমপি মানিকের দাবিতে চাঁদপুরে ইপিজেড স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

রাজনীতির নামে কোনো ধরনের বিভ্রান্তি কিংবা আরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না : তারেক রহমান

শরীফুল ইসলাম :
চাঁদপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। তাঁর দাবির প্রেক্ষিতে এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজন অনুযায়ী চাঁদপুর জেলায় অবিলম্বে ইপিজেড স্থাপনের জন্য বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমানকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, সব ধরণের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনাটি কার্যকর ও বাস্তবসম্মত হলে দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নিন।

শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, এই এলাকার সন্তানদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা নয়, দেশের অন্যান্য এলাকার যুবকদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্পায়নের মাধ্যমে চাঁদপুরকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।
তারেক রহমান বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ প্রসঙ্গে তিনি চাঁদপুরে প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আমরা চাই চাঁদপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ছেলে-মেয়ে নির্বিশেষে তরুণ সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে। যাতে তারা দেশেই হোক কিংবা বিদেশে হোক, নিজেদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়রা মনে করছেন, চাঁদপুরে ইপিজেড স্থাপিত হলে জেলায় নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, বাড়বে বিনিয়োগ এবং সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। একইসঙ্গে জেলার অর্থনৈতিক কর্মকান্ডেও আসবে নতুন গতি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম। এর আগে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেখানে গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আরো বলেন, রাজনীতির নামে কোনো ধরনের বিভ্রান্তি কিংবা আরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায় কিংবা আরাজকতার পরিবেশ তৈরি করতে চায়, আমরা কেউ বসে থাকবো না।

তিনি স্বাধীনতা যুদ্ধ ও সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি। আবার ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তনের। তিনি মনে করেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের জন্য রাজনীতিকে মানুষের কল্যাণমুখী হতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।

তারেক রহমান বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা যা কিছু বলেছি, সেগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। এখন সময় কাজ করার, দেশ গড়ার এবং মানুষের জীবনমান উন্নয়নের,” উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে বিদেশের দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজেদের শ্রম, দক্ষতা ও ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। “বাইরে থেকে কেউ এসে আমাদের দেশ গড়ে দিয়ে যাবে না। আমাদের দেশ আমাদেরই গড়তে হবে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমশক্তিতে রূপান্তর করতে পারলেই মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব, বলেন তিনি।

Exit mobile version