Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থী-ছাত্রলীগ উত্তেজনা

 

শরীফুল ইসলাম :
সারাদেশের মতো চাঁদপুরেরও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের অঙ্গীকারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাস স্ট্যান্ড এলাকায় গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে বাধা দেয়।

এসময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দুইপাশ থেকে নিক্ষেপ করা হয় ইটপাটকেল। এতে আহত হয় অন্তত ১০জন। এতে শহরে কয়েক ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।

কোটা আন্দোলনকারীরা অভিযোগ করেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের মারধর করে। তাদের দাবি হামলায় অন্তত ১০-১৫জন শিক্ষার্থী আহত হয়েছে।

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তাবাসসুম বলেন, চাঁদপুর হাসান আলী স্কুল, পুরানবাজার ডিগ্রী কলেজ, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়। জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজির নেতৃত্বে আমাদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়া হয়।

এদিকে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল বের করলে তাদের মিছিলে বাধা প্রদান করে ছাত্রলীগ। এসময় তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একই দিন বিকেলে দু’দফা পাল্টা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। প্রথমেই জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজির নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বলেন, আমরা তাদেরকে (সাধারণ শিক্ষার্থী) শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছি। কিন্তু তারা আন্দোলনের নামে রাস্তা-ঘাট বন্ধ করে জনদুর্ভোগের সৃষ্টি করে। আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল থেকে আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের ছাত্রলীগের সিয়াম, জসিম, শিহাব, মাসুদসহ কয়েকজন নেতা-কর্মী আহত হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক বলেন, পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। আমাদের কাছে কোন শিক্ষার্থী আহত হয়েছে এমন খবর নেই।

Exit mobile version