শরীফুল ইসলাম :
চাঁদপুরে পদ্মা ডিপোতে তেল আনলোডের প্রস্তুতিকালে ডাকাতিয়া নদীতে সাদিয়া এন্টারপ্রাইজ নামের একটি ওয়েল ট্যাংকারে অগ্নিকান্ড ঘটেছে। রোববার বিকেলে চাঁদপুর শহরের ৫নং কয়লাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এতে ট্যাংকে থাকা ৬জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে আহতদের মধ্যে গোলাম (৫০) নামের একজন ট্যাংকারের কর্মচারীকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকী ৫জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মধু মিয় (৫৫) ও জিলানি (৩০) জানান, চট্টগ্রাম থেকে গত শুক্রবার আমরা চাঁদপুর পদ্মা ডিপুতে আসছি। পুরো ট্যাংকারে পেট্রোল ও ডিজেল নিয়ে আসা হয়। ইঞ্জিন রুমে গ্যাস হয়ে হঠাৎ জেনাটার বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়লে আমরা নদীতে ঝাঁপিয়ে পড়ি।
হাসপাতালের আরএমও আকলিমা জাহান বলেন, অগ্নিকান্ডে আহত গোলাম নামের একজনের অবস্থা আশঙ্কা যখন হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তার শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। বাকী ৫জনের অবস্থা উন্নতি হওয়ায় তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে জেনারেটর বিস্ফোরণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘন্টা সময় ধরে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই আমরা। তবে ট্যাংকারে থাকা ৬জন কর্মচারী গুরুতর আহত হয়েছে।
চাঁদপুর পদ্মা ডিপোর ম্যানাজার মুহাম্মদ লোকমান বলেন, বিকেলে তেল খালাসের সময় হঠাৎ করেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আমাদের জাহাজের তেলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
