Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৪জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ পত্রিকার ৪জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে চাঁদপুরের আদালতে। মামলার অপর ৩ বিবাদী হলেন প্রথম আলোর ঢাকাস্থ সাংবাদিক শরীফুজ্জামান, মাসুদ রানা ও ইফতেখার মাহমুদ। আদালত মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তপূর্বক ৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন বলে বাদী জানিয়েছেন।

মামলার বাদী চাঁদপুরের আইনজীবী অ্যাড. হেলাল উদ্দিন জানান, গত ৩০ জুলাই ও ৪ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ‘অন্যের টাকায় মহীউদ্দীনের মেডিক্যাল কলেজ ক্রয়’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

বাদী বলেন, উল্লেখিত দু’টি সংবাদে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির বিরুদ্ধে যেসব অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। এতে এই জাতীয় রাজনীতিবিদের মানসম্মান ও সুনাম-সুখ্যাতির অসামান্য ক্ষতি হয়েছে। প্রকৃতপক্ষে ওই হাসপাতালে মালিকানার শেয়ারে তার কোনো অংশ নেই। তিনি অবৈতনিক ও অনারারি পরামর্শক হিসেবে হাসপাতালটিতে সম্পৃক্ত ছিলেন। এমন আরো বহু প্রতিষ্ঠানে তিনি অবৈতনিক পরামর্শক হিসেবে সম্পৃক্ত আছেন।

অ্যাড. হেলাল উদ্দিন আরো বলেন, এই মিথ্যা সংবাদের কারণে ড. মহীউদ্দীন খান আলমগীরের প্রায় ১শ’ কোটি টাকার মানহানী হয়েছে। এ কারণে রোববার (৬ সেপ্টেম্বর) চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ ও কচুয়ার আমলী আদালতে মামলা দায়ের করি। বিচারক কামাল হোসাইন মামলাটি আমলে নিয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগ তদন্তপূর্বক ৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Exit mobile version