Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে বখাটে ইভটিজারদের রঙিন ও বড় চুল কর্তনে পুলিশের বিশেষ অভিযান

শাওন পাটওয়ারী :
চাঁদপুর শহরের পুরানবাজারে অভিভাবক, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বখাটে ইভটিজারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুরানবাজার পুলিশ ফাঁড়ি।

গত ৭ দিন ধরে সতর্কতামূলক হিসেবে বখাটে ইভটিজারদের বড় ও রঙিন চুল কর্তন করছে পুলিশ। এ পর্যন্ত ২ শতাধিক বখাটের বড় ও রঙ্গিন চুল কর্তন করা হয়। এ সময় বখাটেদের অভিভাবকদের সন্তানের উপর নজর রাখতে ফাঁড়িতে ডেকে এনে সর্তক করে দেয় পুলিশ।

পুরানবাজার পুলিশ ফাঁড়ির অর্থায়নে পুরানবাজারের বিভিন্ন সেলুনে বড় চুল ছোট ও রঙ্গিন চুল কালো করা হচ্ছে।

এ ব্যপারে পুরানবাজারের এক অভিভাবক বলেন, আমার ছেলে আমার কথা শুনে না। সে চুল কালার করেছে। চুলের জন্য তার চেহারা দেখা যায় না। তাকে চুল কাটতে বলে সে গালমন্দ করে। তাই ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেছি।

এ ব্যাপারে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, বখাটে ও ইভটিজারদের বিরুদ্ধে পুরানবাজার পুলিশ ফাঁড়ির অভিযান অব্যাহত রয়েছে। কিছু উঠতি বয়সী কিশোর রোমিও সাজতে বড় বড় চুল রেখে রঙিন কালার করে বাজে আড্ডা দেওয়া, ইভটিজিং করাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরছে। এসব বখাটেদের ব্যাপারে অভিভাবক, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিজেদের অর্থায়নে ২ শতাধিক জনের চুল ছোট করে দেয়া হয়েছে। এটা সর্তকতামূলকভাবে করা হয়েছে। সন্ধ্যার পর কোন শিক্ষার্থী ও উঠতি বয়সী কিশোর রাস্তায় পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান অব্যহত থাকবে।

Exit mobile version