Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা সড়কে গর্তে ঝুঁকি নিয়ে চলাচল

 

শরীফুল ইসলাম :
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিতে গতকাল অনেক সড়ক পানিতে তলিয়ে যায়। যার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে। কোনো কোনো এলাকায় বৃষ্টির পানি আর ড্রেনের পানি মিশে একাকার হয়ে পড়ে। বুধবার কয়েক দফার ভারি বৃষ্টিতে এমন দৃশ্য চোখে পড়েছে। সেই পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে ৫ থেকে ১০ ঘন্টা।

শহর ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে শহরের অন্যতম আব্দুল করিম পাটওয়ারী সড়ক ও ট্রাক রোডের অবস্থা একেবারেই নাজুক। সড়ক সংস্কার কারণে এবং পাকা সড়কের পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কের বড় বড় গর্তের ভেতর দিয়ে হেলেদুলে চলছে ট্রাক, প্রাইভেটকার, সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশাসহ ছোট-বড় অসংখ্য যানবাহন। একদিকে যেমন ঝুঁকি, অন্যদিকে সাধারণ মানুষেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে শহরের পাড়া-মহল্লার সড়কগুলোর একই অবস্থা। শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, ব্যাংক কলোনী, নাজিরপাড়া, প্রফেসর পাড়া বেশ কিছু এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা মোবারক গাজী বলেন, আমাদের এলাকায় ড্রেনেজব্যবস্থা খুবই খারাপ। মাঝে মাঝে পরিস্কার করলেও বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। বেশি বৃষ্টি হলে হাটু সমান পানি হয়। আর তা কমতে সারারাত পর্যন্ত সময় লাগে।

ট্রাক রোড এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, এই সড়কটি অভিশপ্ত সড়ক নামেই সবাই চিনে। সড়কের কাজ করলে বছর না যেতেই পিচঢালাই উঠে বড় বড় গর্তে পরিণত হয়। এখন যাই কাজ ধরেছে, তাও কচ্ছপ গতি। জানি না কবে কাজ শেষ হবে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুরে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। যার কারণে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Exit mobile version