Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ২ মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ : প্রার্থীদের প্রশংসনীয় সহাবস্থান

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণার প্রথম দিনেই জেলা নির্বাচন অফিসের সামনে প্রধান দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ২০জনের অধিক নেতা-কর্মী আহত হয়।

জানা যায়, শুক্রবার বেলা ১১টায় জেলা নির্বাচনে অফিসে রিটার্নিং অফিসারের সাথে মেয়র ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের চাঁদপুর পৌরসভা নির্বাচন সংক্রান্ত সভা চলছিল।

এ সময় নির্বাচন অফিসের বাইরে বিএনপি মনোনিত প্রার্থী আক্তার হোসেন মাঝির সমর্থনে ছাত্রদলের একটি মিছিল নির্বাচন অফিসে আসে। সেখানে আগে থেকে নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সমর্থকরা।

দুইপক্ষ যখন মুখোমুখি অবস্থানে ঠিক তখন নির্বাচন অফিসের সামনে দাঁড়ানো ও শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের দুই কর্মীর মাঝে বাকবিতন্ডা হয়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। শুরু হয়ে যায় ইট-পাটকেল নিক্ষেপ। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ২০ নেতা-কর্মী আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহতরা চাঁদপুর সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুর মডেল থানার একাধিক পুলিশ টিম। উভয়পক্ষকে ধাওয়া দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নৌকা ও ধানের শীষের প্রার্থী নিজ নিজ কর্মী-সমর্থকদের শান্ত করে একযোগে পদব্রজে ওই এলাকা ত্যাগ করেন। সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর দুই প্রার্থীর শান্তিপূর্ণ সহাবস্থান সকলের প্রশংসা কুড়িয়েছে।

Exit mobile version