নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর যান চলাচল স্বাভাবিক রাখা এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে জেলা বিএনপি অফিসের সামনে নির্মাণাধীন কালভার্টের টপ ছাদ ঢালাই কাজ শুরু হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেন চৌধুরী। এ সময় নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করে তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মেসার্স সাব্বির করপোরেশনের পরিচালক শাহজালাল মাঝি, পৌর ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মেহেদি মল্লিক, যুগ্ম আহ্বায়ক আল-আমিন খান, জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইলিয়াস হোসেন, তুষারসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের এ এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এসব সমস্যা সমাধানে আধুনিক নকশায় কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
নির্মাণ সংশ্লিষ্টরা জানান, টপ ছাদ ঢালাই কাজ শেষ হলে পরবর্তী ধাপের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। জনসাধারণের ভোগান্তি কমাতে এবং শহরের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা চলছে।
এদিকে কালভার্ট নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, কাজ সম্পন্ন হলে এ এলাকার জলাবদ্ধতা ও যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে।
