চাঁদপুরে বর্ণিল আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জেলা পুলিশের পক্ষ থেকে এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
‘সময়ের সাথে আগামীর পথে’ এই অঙ্গীকারকে ধারণ করে এনটিভি মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে। দীর্ঘ সাফল্যগাঁথা ও দর্শকের বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি ২৪ বছরে পদার্পণ করেছে। আগামীতেও চাঁদপুরের স্বপ্ন, সম্ভাবনা ও উন্নয়নের গল্প নিয়ে মানুষের পাশে থাকবে এনটিভি—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, সময় টিভির সিনিয়র প্রতিবেদক ফারুক আহম্মদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাবেক সভাপতি একে আজাদ, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজ বাবুরা শাখার উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইব্রাহিম রনি, মোহনা টিভির সৌদিআরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, ইন্ডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, ডেইলি সানের প্রতিনিধি সেলিম রেজা, বাণিজ্য প্রতিদিনের প্রতিনিধি শেখ আল মামুন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মহসিন হোসাইন, কালের কন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আলামিন হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি সব সময় দেখেছি এনটিভি আমাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এনটিভি এভাবেই মানুষের পাশে থাকবে বলে আমি আশাবাদী। জনগণের প্রত্যাশা পূরণে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এনটিভি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। অনুষ্ঠানে বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমুখী কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তিনি জেলার মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকরা যদি মাঠপর্যায়ে আরও কার্যকর ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশন করেন, তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সেই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
