Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

দেশসেরা অভিনেতা হয়ে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ জিতলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

বিশেষ প্রতিবেদক :
নিজের অভিনিত প্রথম সিনেমায় অনবদ্য অভিনয় শৈলীর স্বীকৃতিস্বরূপ দেশের শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়ে “মেরিল-প্রথম আলো পুরস্কার” পেয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান শান্ত চন্দ্র সূত্রধর। ‘বাংলাদেশের অস্কার’ হিসেবে খ্যাত “মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৫” এর আলোকিত মঞ্চে পা রেখে দেশের শোবিজ জগতকে তাক লাগিয়ে দেন তরুণ এই প্রতিভাবান অভিনেতা।

‘উড়াল’ চলচ্চিত্রের জন্য সমালোচক পুরস্কার-২০২৫ এর পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা অভিনেতা ক্যাটারগরিতে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হন শান্ত। দেশের চলচ্চিত্র জগতের বোদ্ধাদের নিয়ে গঠিত জুড়ি বোর্ড শান্তর সাথে একই সিনেমার সহঅভিনেতা মাহাফুজ মুন্নাকে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলো ঝলমলে মঞ্চ আর তারকাদের মিলনমেলায় গোটা দেশের বিনোদন জগত যেন এক ছাদের নিয়ে ঠাঁই নিয়েছিল। বর্ণিল আর জমকালো নানান পরিবেশনায় মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আয়োজন পরিণত হয়েছিল তারার মেলায়। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তুলে দেন শান্ত চন্দ্র সূত্রধরের হাতে। এ সময় পাশে ছিলেন গুণী অভিনেত্রী রিচি সোলায়মান।

প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, সিনেমাসহ নানা ধরনের কাজ, যা মেরিল-প্রথম আলো অনুষ্ঠানকে আরও বেশি গ্রহণযোগ্য করেছে। এ বছর ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠানে তারকা জরিপ, সমালোচক ক্যাটাগরি, আজীবন ক্যাটাগরিসহ বিভিন্ন শাখায় পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

নিজের অভিনিত প্রথম সিনেমাতেই এই বিরল অর্জন শান্ত চন্দ্র সূত্রধরের অভিনয়জীবনের এক স্মরণীয় কৃতিত্ব। ভারতের “রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়” থেকে নাটক, চলচ্চিত্র ও গণযোগাযোগে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর বাংলাদেশের সিনেমা জগতে তার এই মনোনয়ন মেধা ও অভিনয়শৈলীর প্রথম স্বীকৃতি। উড়াল ছবিতে তার অনবদ্য ও সাবলিল অভিনয় দর্শকদের পাশাপাশি চলচ্চিত্রবোদ্ধাদের দৃষ্টি কাড়ে।

উল্লেখ্য, শান্ত চন্দ্র সূত্রধর ভারত সরকারের উচ্চতর শিক্ষাবৃত্তি পেয়ে কলকাতার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়” থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তিনি চাঁদপুরের অন্যতম নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন গুণী প্রশিক্ষকদের কাছ থেকে এই দক্ষতা অর্জন করেন। তার অভিনিত নাটক বিভিন্ন টেলিভিশনে সম্প্রচার হয়েছে। তার বাবা লক্ষ্মন চন্দ্র সূত্রধর চাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

এই প্রতিক্রিয়া নায়ক শান্ত চন্দ্র সূত্রধর বলেন, এই পুরস্কার আমাকে আরো ভালো অভিনয় করতে অনুপ্রাণিত করবে। উড়াল টিমের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই মেরিল-প্রথম আলো পুরস্কারের সাথে জড়িত সবাইকে, বিশেষ করে বিজ্ঞ জুড়ি বোর্ডকে। আর দর্শকদের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তাদের সহযোগিতা ও সমর্থন আমাদের সব সময় খুব প্রয়োজন। তিনি জানান, নতুন একটি সিনেমায় অভিনয়ের অফার পেয়েছেন তিনি।

Exit mobile version