নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে পুরাণবাজারস্থ ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ ছিদ্দিকুর রহমান ঢালীর পাঞ্জাবি মার্কার নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাউন্ড বক্স ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা সাউন্ড সিস্টেম পরিচালনাকারী ২জনকে মারধর করেছে।
শনিবার সন্ধ্যায় হরিসভা রোডের ইউসুফের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সাউন্ড সিস্টেম পরিচালনাকারী ইয়াছিন প্রধানিয়া (২০) ও আবির গাজী (১৯)। এ ঘটনায় ওই এলাকায় দু’পক্ষের মধ্য উত্তেজনা বিরাজ করছে।
প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী বলেন, আমি ২০ বার চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও ১৫ বছর ধরে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছি। ৪ বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। সাধারণ জনগণের আস্থা ও ভালবাসায় আবারও প্রার্থী হয়েছি।
তিনি অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় ২নং ওয়ার্ডের উটপাখি মার্কার প্রার্থী মালেক শেখের সর্মথকরা ২ শতাধিক লোক নিয়ে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ডেকোরেটরের মালামাল ও ২টি সাউন্ড সিস্টেম বক্স ভাংচুর করে।
তিনি আরো বলেন, মালেক শেখের সমর্থকরা পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ হোসেনের সামনে সাউন্ড সিস্টেম পরিচালনাকারী ইয়াছিন প্রধানীয়া ও আবির গাজীকে বেদর মারধর করে। আমি বিষয়টি জেলা প্রশাসক মাজেদুর রহমান খান ও জেলা রিটার্নিং অফিসারকে জানিয়েছি। আর এই ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
উটপাখি মার্কার প্রার্থী মালেক শেখ বলেন, দেশরত্ন শেখ হাসিনার মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বিভিন্ন পথসভা ও উঠোন বৈঠকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি ২নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী।
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পাঞ্জাবী মার্কার প্রার্থীর কোন অফিস ভাংচুর করা হয়নি। আর ঘটনাস্থলে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। পাঞ্জাবী মার্কার প্রার্থীর লোকজন নিজেরা নিজেদের চেয়ার টেবিল এলোমেলো ফেলে রেখে আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজাচ্ছে। কোন ধরনের মিথ্যা, বানোয়াট ও গুজব জনগণ মেনে নেবে না। ইনশাল্লাহ জয় আমার’ই হবে।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ হোসেন জানান, দুই প্রার্থীর মধ্যে মারামারির খবর শুনে আমি ঘটনাস্থলে ছুটে যাই। পরে ঘটনাস্থলে সিদ্দিকুর রহমান ঢালীর পাঞ্জাবী মার্কার নির্বাচনী অফিসে গিয়ে দেখি, অফিসের চেয়ার টেবিল ও সাউন্ড সিস্টেমগুলো এলোপাথাড়ি পড়ে আছে। তবে আমি সংর্ঘেষের কোন পরিস্থিতি দেখি নাই। সাথে সাথে আমি চাঁদপুর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিনকে বিষয়টি জানিয়েছি।
