Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

বন্ধুর জন্য গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন জিল্লুর রহমান জুয়েল। তার রাজনৈতিক অতীত ইতিহাসের উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি। তাই ছাত্রলীগের দীর্ঘসময়ের তার রাজনৈতিক সহযোদ্ধা ও বন্ধুরা জুয়েলের নির্বাচনে ভূমিকা রাখতে নানাভাবে তৎপর।

তেমনি এক ঘনিষ্ঠ বন্ধু জাহিদুল ইসলাম রোমান। জুয়েলের একেবারে প্রাথমিক শিক্ষা জীবনের বন্ধু, ছাত্রলীগের রাজনীতিতেও একসাথে চলা। জাহিদুল ইসলাম রোমান একসময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং বর্তমানে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান।

জাহিদুল ইসলাম রোমান জুয়েলের নির্বাচনে প্রচারণা ও গণসংযোগ অব্যাহতভাবে করে যাচ্ছেন। গত সপ্তাহখানেক ধরে জাহিদুল ইসলাম রোমান আলাদাভাবে তার কর্মী-সমর্থকদের নিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। তার বিরামহীন গণসংযোগে বেশ চাঙ্গা হয়ে উঠেছে ছাত্রলীগের দীর্ঘ সময়ের নেতা-কর্মীরা।

বলতে গেলে দুই দশকের ছাত্রলীগের নেতা-কর্মীরা উজ্জীবিত। রোমান প্রতিদিনই পৌর এলাকার কোনো না কোনো ওয়ার্ডে গণসংযোগ করছেন নৌকা মার্কার মেয়র প্রার্থী বন্ধু জুয়েলের পক্ষে। বন্ধুর জন্যে বন্ধুর এমন বিরামহীন গণসংযোগকে সবাই বন্ধুত্বের দৃঢ়তা এবং একই আদর্শের রাজনীতির শিক্ষা হিসেবেই দেখছে।

Exit mobile version