- নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলবে চলমান এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। সোমবার (৬ জুলাই) মতলব সরকারি কলেজ গেইটে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরীক্ষার্থীদের সুবিধা ও প্রয়োজনীয়তা বিবেচনায় তাদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। পরীক্ষার সময় শিক্ষার্থীরা যেন স্বস্তিদায়ক পরিবেশে অংশ নিতে পারে এবং প্রয়োজনীয় সামগ্রী সহজে পায়, সে লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন, কলম, স্কেলসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উদ্যোগকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল খন্দকার, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওন, ইকবাল হোসেন সাকিল, শাওন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত শুভ, সজিব, জসিম এবং মতলব পৌর ছাত্রদল নেতা সাদেক প্রধান, আরাফাত সোহান, মোরসালিন, তারিক, তানজিল, মিনহাজ, সিহাব, আল আমিন মিয়াজিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল খন্দকার বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা কার্যক্রমকে সহায়তা করা এবং পরীক্ষার সময় প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়িত্বের অংশ। ছাত্রদল শুধু রাজনৈতিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “দেশের যেকোনো ক্রান্তিলগ্ন ও সংকটময় পরিস্থিতিতে ছাত্রদল সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে শিক্ষার্থী সহায়ক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
