Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

মতলবে মেঘনা-ধনাগোদা বেড়ি বাঁধে হঠাৎ ভাঙন শুরু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর কাচারী কান্দি গ্রামের মাঝামাঝি জনতা বাজার এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি বাঁধে হঠাৎ ভাঙন শুরু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাঁধে ভাঙন দেখা দেয় বলে স্থানীয়রা জানান।

হঠাৎ ভাঙনে ওই এলাকার হাজার হাজার মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত বাঁধের ভেতর পানি প্রবেশ করেনি। বাঁধ রক্ষায় প্রথমে স্থানীয়রা বাঁশ, গাছ, ডালপালা দিয়ে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করে। পরে পাউবোর মাধ্যমে রাতেই বালিভর্তি জিইও টেক্সটাইল ব্যাগ ফেলা শুরু হয়েছে। তবে এসব ব্যাগ অতলে হারিয়ে যাচ্ছে মুহূর্তেই।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময়ে বেড়ি বাঁধের একাংশ দেবে যায়। সাড়ে ৯টার দিকে তারা বিষয়টি প্রত্যক্ষ করেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার শুক্রবার রাতে চাঁদপুর প্রবাহকে জানান, মতলব উত্তরে জনতা বাজার এলাকায় ১৫০ মিটার এলাকায় ধনাগোদার ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ওই এলাকার বাঁধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করা হয়েছে। তবে ওই এলাকায় নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version