Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

২৬ বছরে পদার্পণ করেছে দৈনিক চাঁদপুর প্রবাহ

বিশেষ প্রতিবেদক
চাঁদপুরের পাঠকপ্রিয় শীর্ষ দৈনিক ‘চাঁদপুর প্রবাহ’ নিয়মিত প্রকাশনার ২৫ বছর পূর্ণ করে ২৬ বছরে পদার্পণ করেছে আজ। ২০০১ সালের ১৫ জুন বৃষ্টিস্নাত আষাঢ়ের প্রথম প্রভাতে আত্মপ্রকাশ করেছিল দৈনিক চাঁদপুর প্রবাহ। এ উপলক্ষে আজ সোমবার বিকেলে পত্রিকা কার্যালয়ে সীমিত পরিসরে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রজতজয়ন্তী উৎসব আয়োজন করা হবে।

ছাপা পত্রিকার মাধ্যমে আত্মপ্রকাশ হওয়া চাঁদপুর প্রবাহের ওয়েবসাইট আজ সারা বিশ্বে অবস্থানকারী চাঁদপুরবাসী তথা বাংলা ভাষাভাষীদের কাছে এক জনপ্রিয় নিউজ পোর্টাল। ওয়েবসাইট ও ফেইসবুক পেইজের মাধ্যমে সারা বিশ্বে চাঁদপুরের খবর তুলে ধরা হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত।

চাঁদপুর প্রবাহ পত্রিকার প্রাণপুরুষ ছিলেন মরহুম আলহাজ্ব এ কে এম শফিক উল্যা সরকার। মালিক, প্রকাশক, মুদ্রাকর ও প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে পত্রিকাটির প্রকাশনা শুরু ও ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে তার দিকনির্দেশনা, আন্তরিকতা, ভূমিকা ও ত্যাগ ছিল অবিস্মরণীয়। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি তার মৃত্যুর পর পত্রিকাটির দায়িত্ব গ্রহণ করেন তার সহধর্মিনী নিলুফা আক্তার।

চাঁদপুরের দৈনিকগুলোর মধ্যে এ যাবৎকালের সর্বাধিক কলেবরে বর্ণিল রঙিন উদ্বোধনী সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে পত্রিকাটি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও মানসম্পন্ন সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকের বিশ্বাস, আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে।

আধুনিক প্রযুক্তির সাথে মিতালী করে ছাপা পত্রিকার পাশাপাশি নিজস্ব ওয়েবসাইট ও ফেইসবুক পেইজেও এখন প্রতিনিয়ত সবার আগে সর্বশেষ খবর প্রচার করে যাচ্ছে চাঁদপুর প্রবাহ। চাঁদপুর প্রবাহের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ এখন জেলার সর্বাধিক জনপ্রিয় অনলাইন ভার্সন। বিশেষ করে করোনাকালে পত্রিকাটি সবার আগে সর্বশেষ খবর পৌঁছে দিয়ে পাঠক মহলে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে। বৈশ্বিক দুর্যোগের মধ্যেও নিয়মিত সংবাদের পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করে চাঁদপুর প্রবাহ পাঠকের আস্থা অর্জন সক্ষম হয়। ছাপা পত্রিকা ও অনলাইন মিলিয়ে প্রতিদিন লাখ লাখ পাঠক পড়ছে চাঁদপুর প্রবাহের সংবাদ।

চাঁদপুর প্রবাহের ২৫ বছর পূর্তি তথা রজতজয়ন্তী উপলক্ষে পত্রিকার সর্বস্তরের পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, কলাকুশলী, শুভাকাঙ্খীসহ জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক নিলুফা আক্তার, প্রধান নির্বাহী সম্পাদক মো. ওমর পাটওয়ারী ও ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। অতীতের মতো আগামীতেও চাঁদপুর প্রবাহের অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন তারা।

Exit mobile version