- শরীফুল ইসলাম
চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন শনিবার (১৫ নভেম্বর) সারাদিনব্যাপী ব্যাপক গণসংযোগ, নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
মতলব উত্তর উপজেলার শ্রীরায়ের চর এলাকা থেকে সকালেই এ শোভাযাত্রার শুভসূচনা হয়। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে পথসভায় রূপ নেয় কর্মসূচি। হাজারো নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রায় যোগ দিলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। বিভিন্ন স্থানে স্থানীয় জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেও অনেকেই ধানের শীষের প্রার্থীর পক্ষে স্লোগান দেন।
পথসভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, একই দিনে হ্যাঁ-না ভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করার মাধ্যমে ড. মুহাম্মদ ইউনুস একটি যুগোপযোগী, সাহসী ও স্মার্ট সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আমি তাঁকে অভিবাদন ও আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের সাধারণ মানুষও এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে।
তিনি মনে করেন, একই দিনে দুই গুরুত্বপূর্ণ ভোট আয়োজন করলে রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয় হবে, প্রশাসনিক ঝামেলা কমবে এবং ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।
‘চাঁদাবাজরা বিএনপির কেউ নয়’ বলে ড. জালাল বলেন, নিজ দলের অভ্যন্তরে কিছু অসাধু ব্যক্তির কর্মকাণ্ডকে কঠোর ভাষায় সমালোচনা করেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন,যারা চাঁদাবাজি করে, তাদের রক্ত পরীক্ষা করলেও দেখা যাবে তারা বিএনপির কেউ না। বিএনপির নামে পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টা চালানো একটি চক্র সক্রিয় রয়েছে। এসব অপকর্মের সঙ্গে প্রকৃত বিএনপি বা আমাদের তৃণমূল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।
তিনি স্পষ্ট করে জানান, বিএনপির আসল পরিচয় ধানের শীষ, আর এই প্রতীক নিয়েই তিনি ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন। মানুষের দোরগোড়ায় পৌঁছে আমি তাদের আস্থা অর্জন করতে চাই। জনগণই আমার শক্তি যোগ করেন তিনি।
দিনব্যাপী শোভাযাত্রা ও পথসভাকে ঘিরে পুরো মতলব উত্তর উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এই গণসংযোগ তাঁদের নির্বাচনী প্রচারকে আরও গতিশীল করবে এবং গ্রামের পর গ্রামে ধানের শীষের সমর্থন বাড়াবে।
