Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের হাজীগঞ্জে চলতি বর্ষায় ৯টি ড্রেজার জব্দ, ৬ লাখ টাকা অর্থদন্ড

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে গত এক মাসে ৯টি অবৈধ ড্রেজার জব্দ ও জরিমানা করা হয়েছে। এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। সর্বশেষ গত শনিবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়।

জরিমানাপ্রাপ্ত ড্রেজার ব্যবসায়ী হলেন, ওই গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে মো. আব্দুল আজিজ (৩৬)। তিনি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নে অবৈধ ড্রেজার ব্যবসার মাধ্যমে বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করে আসছেন বলে স্থানীয় ও এলাকাবাসীর অভিযোগ।

এদিকে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান ভ্রাম্যমান আদালতের অভিযানে গত এক মাসে (জুলাই- ২০২১ইং) উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯টি ড্রেজার মেশিন জব্দ এবং জব্দকৃত ড্রেজারের পাইপ ধ্বংস ও ড্রেজার ব্যবসায়ীদের পৃথক পৃথকভাবে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করার অপরাধে এদিন সকালে দেশগাঁও গ্রামের ড্রেজার ব্যবাসায়ী মো. আব্দুল আজিজকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫ (১) ও ১৫ (১) ধারা অনুযায়ী নগদ ১ লাখ টাকা জরিমানা ও ডেজ্রার মেশিনটি জব্দ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। এ সময় ড্রেজারের পাইপগুলো ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জনসচেতনতার লক্ষ্যে উপস্থিত লোকজন ও এলাকাবাসীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) এবং ড্রেজারের ক্ষতিকর দিকগুলো উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ ও নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে এ দিন গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৯ মামলায় ৯ জনকে পৃথক পৃথকভাবে নগদ মোট ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই শুক্রবার বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দিঘচাইল গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেনেকে নগদ ১ লাখ টাকা জরিমানা ও তার অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

এর আগে গত ১৯ জুলাই বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ এবং ড্রেজার ব্যবসায়ী ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে এমরান মৃধাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত ১৮ জুলাই বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের খোদাই বিলে ২টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ এবং ড্রেজার ব্যবসায়ী নুমান মিজি ও স্বপন মজুমদারকে দেড় লাখ টাকা জরিমানা, ১৫ জুলাই বৃহস্পতিবার বিকালে সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামে ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন মজুমদার ও কৃষি জমির মালিক মর্জিনা আক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গত ১৪ জুলাই দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামে ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার ব্যবসায়ী মো. আব্দুল্লাহ্ আল নোমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা, ১৩ জুলাই মঙ্গলবার বিকালে পৌরসভাধীন বদরপুর গ্রামে ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আত্তার।

এছাড়া গত ৭ জুলাই বিকালে হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার ব্যবসায়ী শরিফুল ইসলাম এবং কৃষি জমির মালিক মো. সেলিমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করার অপরাধে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এসব অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও নগদ জরিমানা করা হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার আজকের পত্রিকাকে জানান, সরকার কৃষি জমির মাটি রক্ষানাবেক্ষনের লক্ষে অবৈধ ড্রেজার মিশিনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version