Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের ৫ হাসপাতাল সিলগালা : ৩টি বন্ধ ও ৩টিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি/সুজন পোদ্দার :
চাঁদপুরের কচুয়া ও মতলব উত্তরে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি অনুনোমোদিত প্রাইভেট হাসপাতাল সিলগালা, ৩টি বন্ধ ও আরো ৩টিকে জরিমানা করা হয়েছে।

কচুয়ায় বেসরকারি ৭টি হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৪টি হাসপাতাল সিলগালা ও ৩টিকে অর্থদন্ড (জরিমানা) করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসকে সঙ্গে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনা করার দায়ে ২টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে। অপর ৩টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলগালা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : পৌরসভাধীন গুলবাহার শ্যামলী খান ম্যাটারনিটি ক্লিনিক, কেয়ার ডিজিটাল হাসপাতাল, সান মেডিকেল সেন্টার, সিটি প্যাথ ফার্মেসী ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার। সরকারি নির্দেশনা অমান্য করে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে এসব প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে জরিমানা করা হয়েছে- সিটি হসপিটালকে ৩০ হাজার, উপজেলা হাসপাতাল সংলগ্ন মহিউদ্দিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও বিশ^রোডে অবস্থিত কচুয়া নিউলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৭ হাজার টাকা।

এ সময় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ৭টি হাসপাতালে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে অবৈধ অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ সময় ১টি ক্লিনিক সিলগালা করা হয় এবং ৩টি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারের হাড়ভাঙ্গা চিকিৎসালয় ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়।

ছেংগারচর পেইন ক্লিনিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার, দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও মর্ডান ডেন্টাল কেয়ারের কোন কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাআশাদুজ্জামান জুয়েল বলেন, মতলব উত্তর উপজেলায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version