নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের পুরানবাজারের আলোচিত আল-আমিন হত্যা মামলার প্রধান আসামী সজিব মাঝির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজের আদালতে সজিব মাঝি আত্মসমর্পন করলে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এই হত্যা মামলায় হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের আগাম জামিনে ছিলেন সজিব মাঝি। গত ১১ জুন এলাকায় আধিপত্য বিস্তার ও উপজেলা নির্বাচনের পরবর্তী সহিংসতায় পুরানবাজারে নিতাইগঞ্জ ও মেরকাটিজ এলাকার দুই গ্রুফের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় অটোরিকশা চালক আল-আমিন। এছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০জন আহত হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবদুল মজিদ খানের দায়ের করা মামলার এজহারে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, তার ছেলে রাকিব মাঝি ও সজিব মাঝিসহ ২৮জনের নাম উল্লেখ করেন।
এদিকে আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামি সজীব মাঝি জেলহাজতে প্রেরণ হওয়ায় নিহতের পিতা আবদুল মজিদ খান শোকরিয়া জ্ঞাপন করেছেন। বাকি আসামীদের গ্রেপ্তার করে সুস্থ তদন্তের মাধ্যমে সন্তান হত্যার বিচার চেয়েছেন তিনি।
