Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে এবার বই যাবে ছাত্র-ছাত্রীদের বাড়ি!

নিজস্ব প্রতিবেদক :
এতদিন কোমলমতি ছাত্র-ছাত্রীরা নতুন বই আনার জন্য যেতেন স্কুলে। করোনায় সেই চিত্র এবার পাল্টাচ্ছে। আগামী ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর বই চলে যাবে তাদের বাড়িতে।

চাঁদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও দপ্তরী কাম গার্ডরা শিক্ষার্থীর বাড়ি বাড়ি ওই বই পৌঁছে দিবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন আহমেদ বই উৎসব সম্পর্কে এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বই উৎসব সীমিত আকারে হলেও প্রয়োজনে বাড়ি বাড়ি বই পৌঁছে যাবে। জেলার সব উপজেলায় প্রায় ৯০ ভাগ বই এসে পৌঁছেছে।

তিনি জানান, চাঁদপুরের ৮ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আগামি ২০২১ শিক্ষাবর্ষে ১৪ লাখ ১১ হাজার ৩শ ৬৮ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলার সকল শিক্ষার্থীর জন্যে ঔ সংখ্যক বই বরাদ্দ দিয়েছে গণ ও প্রাথমিক শিক্ষা বিভাগ। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানের জন্যে এ চাহিদা প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর জেলায় ৮ প্রকারের ১ হাজার ১শ’ ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ১শ’ ১২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১ হাজার ১শ’ ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চাঁদপুরে কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা ৬শ১০ এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০ হাজার।

Exit mobile version