শিমুল হাছান :
ফরিদগঞ্জে গণপিটুনিতে মো. রাকিব হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার রায়পুর উপজেলার কাজীরচর ছৈয়াল বাড়ির আবুল কালামের ঘরে চুরির অপরাধে রাকিবকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এরপর শুক্রবার সকালে চোর রাকিবের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় চৌকিদারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নিহত রাকিব ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া এলাকার বেপারী বাড়ির আবুল বাশারের ছেলে। জানা যায়, রাকিব ওই এলাকার স্বীকৃত চোর হিসেবে তথ্য পাওয়া যায় এবং তার বিরুদ্ধে একাধিক চুরির মামলার রয়েছে। রাকিবের বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাই তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, রাকিব বৃহস্পতিবার সন্ধ্যায় কাজিরচর এলাকার আবুল কালামের ঘরে চুরি করে পালিয়ে যায়। এরপর আল-আমিনের পরিত্যক্ত ঘরে লুকিয়ে থাকে। স্থানীয়রা টের পেয়ে আল-আমিনের ঘরে তাকে গণপিটুনি দিতে থাকে। আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবগত করি। পরে তাকে উদ্ধার করে চৌকিদারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত ডা. নুসরাত জাহান বলেন, দুপুর ১১টা ৫৫ মিনিটে রাকিব হোসেন নামের ওই যুবককে হাসপাতালে আনা হয়। এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন, চুরির অপরাধে রাকিব নামের এক যুবককে গণপিটুনিতে নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
