Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ভোক্তার অভিযানে ইলিশের দাম কমেছে ১৫০-২০০ টাকা! পরক্ষণে আগের দাম

শরীফুল ইসলাম :
চাঁদপুরে ইলিশের সবচেয়ে বড় বাজার বড়স্টেশন মাছঘাটে আবারো অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে অতিরিক্ত দামে ইলিশ বিক্রির অভিযোগে বড়স্টেশন মাছঘাটের সকল আড়তে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে সরকারী পরিচালক নূর হোসেন।

এসময় মাছঘাটে ইলিশের অতিরিক্ত দাম রাখায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে। এদিকে অভিযানের খবরে পুরো মাছঘাটে ইলিশ দাম ১৫০-২০০ টাকা কমে যায়। কিছুক্ষণ আগেও যেই ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকা বিক্রি হয়েছে, সেই ইলিশ দাম কমে ১৫০০ থেকে ১৬০০ টাকায় নেমে আসে। যদিও ভোক্তা অধিদপ্তরের অভিযান শেষ হওয়ার সাথে সাথে পূর্বের দামে হাকানো হয় ইলিশের দাম। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে সরকারী পরিচালক নূর হোসেন বলেন, মূলত ইলিশ মাছের দাম বৃদ্ধি কেনো, সেই বিষয়ে আমাদের অভিযান হয়েছে। আমরা ক্রেতা সেজেও ব্যবসায়ীদের কাছে গিয়েছি। কিনা দাম থেকে একজন বেশি মুনাফা করতে চেয়েছে, তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, আড়ৎদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা সবাইকে ভাউচার রেখে ন্যায্য দামে ইলিশ মাছ বিক্রি করতে বলা হয়। কেউ অন্যায়ভাবে অন্যায্যভাবে অতিরিক্ত দামে ইলিশ মাছ বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

Exit mobile version