Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে মাদকবিরোধী মানববন্ধনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চাঁদপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধের সড়ক ভাস্কর্য ‘অঙ্গীকার’-এর পাদদেশে (লেকপাড়) আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ।

স্বাগত বক্তব্যে আলম পলাশ বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং তরুণ সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভা সেই সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মাদক বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। এ সমস্যা মোকাবিলায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমার বিশ্বাস, অনেক ক্ষেত্রেই ধূমপান থেকেই একজন মানুষ ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই ধূমপান প্রতিরোধের বিষয়েও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি প্রতিটি পরিবারকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবার যদি শুরু থেকেই সন্তানদের প্রতি নজর রাখে, তাহলে অনেকেই মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই চাঁদপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো মাদক কারবারি বা মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না। চাঁদপুরে হয় মাদক থাকবে, নয়তো পুলিশ থাকবে—এই লক্ষ্য নিয়েই প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা চাই, চাঁদপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান এবং সমাজসেবক রাসেল খন্দকার।

বক্তারা বলেন, মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে। মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং পারিবারিক নজরদারি আরও জোরদার করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

কর্মসূচি শেষে অতিথিরা চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং ‘অঙ্গীকার’ ভাস্কর্য-সংলগ্ন রেললাইন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

Exit mobile version