Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ৭০ হাজার মে. টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় চলতি ২০২০-২১ অর্থবছর আমন ধানের চাষাবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৬শ’ ৫০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে ৭০ হাজার ৪শ’ ৯০ মে.টন চাল। চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি এ তথ্য জানায়।

চাঁদপুর মেঘনা নদীর পশ্চিম তীরে রয়েছে ১১টি বিচ্ছিন্ন চরাঞ্চল। চরাঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে ধান, পাট, মরিচ, ভুট্টা, আলু, শাক-সবজি ও অন্যান্য রবি ফসল। এর পাশাপাশি রয়েছে গরু, ছাগল, মহিষ ও হাঁস-মুরগির প্রতিপালন ।

প্রাপ্ত তথ্যমতে, চাঁদপুর জেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প চাঁদপুর ভেতরে এবং বিস্তীর্ণ নদীর তীরবর্তী এলাকাগুলোতে এ রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৯ হাজার ৪শ’ ৯০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি চাঁদপুরে কর্তব্যরত কৃষিবিদ আবদুল মান্নান জানিয়েছেন। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এর চাষাবাদ বিদ্যমান থাকবে ।

কৃষি বিভাগ সূত্র মতে, চাঁদপুরে কৃষি পণ্য উৎপাদনে ৫০ হাজার মেট্রিক টন রাসায়নিক সার বরাদ্দ দিয়েছে সরকার। প্রণোদনা কর্মসূচির অধীন ২০২০-২১ অর্থবছরে ৩১৫ কেজি শাক-সবজির বীজও বরাদ্দ দেয়া হয়েছে।

Exit mobile version