জাহিদ হাসান :
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন ২২ জুলাই (বৃহস্পতিবার) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. আতিকুর রহমানকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁদের অবসরের তারিখ, যেটি আগে হবে সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে তাঁরা বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
চাঁবিপ্রবি প্রতিনিধি : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদলের নেতৃবৃন্দ নবনিযুক্ত ভিসি ও প্রো-ভিসির হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁদের নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ, সুশাসন ও একাডেমিক অগ্রগতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিবুল কবির নিহাল, সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়া, সিনিয়র সহ-সভাপতি ফাহিম হোসেন, সহ-সভাপতি মো. এরশাদ সরকার, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ এবং প্রচার সম্পাদক জাহিদ হাসানসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত থেকে নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. আতিকুর রহমানকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
