Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর শহরে ইয়াসিন খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের

শাওন পাটওয়ারী :
চাঁদপুর পৌর নির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতে কিশোর ইয়াসিনকে হত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। রোববার (১১ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. নাসিমউদ্দিন। এর আগে গত শনিবার দুপুরে শহরের গনি মডেল হাই স্কুলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

ওসি জানান, মামলায় আসামি করা হয়েছে শহরের কোড়ালিয়া এলাকার মফিজ মিজির ছেলে মো. সাহেদকে (১৮)। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

গত শনিবার দুপুরে শহরের গনি মডেল হাইস্কুলের সামনে কথা কাটাকাটির জের ধরে বন্ধু মো. সাহেদের হাতে খুন হয় মো. ইয়াসিন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখে।

পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে, এটি নির্বাচনী কোনো সহিংসতা ছিল না। মূলত ভোটকেন্দ্রের বাইরে বন্ধুদের মধ্যে তুচ্ছ ঘটনার কথা কাটাকাটির জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সব ধরনের চেষ্টা করছে।

নিহত মো. ইয়াসিন শহরের কোড়ালিয়া এলাকার হারুন মোল্লার ছেলে। পেশায় দর্জিশ্রমিক মো. ইয়াসিন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হেলাল হোসাইনের সমর্থক ছিল। ঘটনার পর সদ্য নির্বাচিত কাউন্সিলর নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

Exit mobile version