নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের স্মরণে চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাদের রক্তে অর্জিত চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর জাফর ইকবাল খান। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপ, চাঁদপুরের কো-অর্ডিনেটর মো. মাহবুবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক রাবেয়া আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল, গণিত বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান এবং রসায়ন বিভাগের প্রভাষিকা আনোয়ারা সুলতানা। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের অবদান জাতি কখনো ভুলবে না। তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের মাধ্যমেই শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করেন কলেজের বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ জিহাদুল ইসলাম। তিনি আন্দোলনের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা, প্রত্যক্ষ পর্যবেক্ষণ এবং সেই সময়ের বাস্তবতা তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নূরে নুসরাত, সাউদা আক্তার ও মিজানুর রহমান এবং মানবিক বিভাগের শিক্ষার্থী রানিম ও প্রিয়া ধর জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাফর ইকবাল খান বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর খান শিক্ষার্থীদের সব সময় সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পথে চলার আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের শিক্ষা ও চেতনাকে ধারণ করেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই আন্দোলনের শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. মাহবুবুল হোসেন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে শহিদদের স্মরণে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
