Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

টোল কেন্দ্র ঘিরে লঞ্চঘাটে উত্তপ্ত অবস্থা, তিন ঘণ্টা বন্ধ কার্যক্রম

আল ইমরান শোভন
চাঁদপুর লঞ্চঘাটে টোল আদায়কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, যাত্রীসেবা সংকট এবং চালকদের অভিযোগ উপেক্ষার জেরে মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ সিএনজি ও অটোরিকশা চালকরা টোল আদায় কার্যক্রমে বাধা দিলে প্রায় তিন ঘণ্টা অচল হয়ে পড়ে বিআইডব্লিউটিএর কার্যক্রম। এতে ঘাটজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট, যাত্রী ভোগান্তি ও চরম বিশৃঙ্খলা।
ঘটনার সময় লঞ্চঘাট এলাকায় শত শত যাত্রী আটকা পড়ে দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা সীমাহীন কষ্টের মুখে পড়েন। টোল আদায় বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং পুরো ঘাট এলাকা অচল অবস্থার সৃষ্টি হয়।
জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা সমিতি চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মো. রাজিব সরদার অভিযোগ করেন, বিআইডব্লিউটিএ দীর্ঘদিন ধরে চালক ও যাত্রীদের ন্যূনতম সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ঘাট এলাকায় শৌচাগারের অভাব, বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, যাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত না করাসহ নানা সমস্যা নিয়ে একাধিকবার দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট ব্যবহার করলেও এখানে যাত্রীসেবার ন্যূনতম পরিবেশ নেই। অথচ নিয়মিত টোল আদায় করা হচ্ছে। দাবি আদায়ে বাধ্য হয়েই চালকরা প্রতিবাদে নামেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বিক্ষুব্ধ চালকরা টোল বুথের সামনে অবস্থান নিলে টোল আদায় কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় ঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চালকদের সঙ্গে দায়িত্বপ্রাপ্তদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। দীর্ঘ আলোচনা শেষে চালকদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে চাঁদপুর বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, চালকদের কিছু যৌক্তিক দাবি রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর লঞ্চঘাটে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা ও যাত্রীসেবা সংকট চলছে। বারবার অভিযোগ উঠলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে চালক ও সাধারণ মানুষের মধ্যে। এ অবস্থায় দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা করছেন তারা।
জাতীয়তাবাদী সিএনজি অটো রিকসা সমিতি চাঁদপুর জেলা সভাপতি মামুন খান বলেন, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা হয়েছে। আশা করি, আমাদের দাবিসমূহ শীঘ্রই পূরন করা হবে।
Exit mobile version