ফ্যাক্টচেকের মাধ্যমে জানা গেছে ছবিটি ভুয়া!
নিজস্ব প্রতিবদেক :
চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির একটি অনুষ্ঠানের ছবি এডিট করে সেখানে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ছবি ’কাট-পেস্ট’র মাধ্যমে সংযুক্ত করে ফেইসবুকে অপপ্রচার করছে একটি চক্র। গত দুই দিন ধরে কিছু ফেইসবুক আইডি থেকে এডিটকৃত ছবিটি পোস্ট করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, অপপ্রচারকারীরা শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঘনিষ্ঠ কর্মী-সমর্থক। মূলত রাজনৈতিক প্রতিহিংসাবশত শত্রুতা করে শেখ ফরিদ আহমেদ মানিককে বিতর্কিত করার উদ্দেশ্যে ভাইরাল করার ষড়যন্ত্র থেকে এমনটি করা হয়েছে। অথচ ঢাকার যেই অনুষ্ঠানটির ছবি বিকৃত করা হয়েছে ওই অনুষ্ঠানে শেখ ফরিদ আহমেদ মানিক অতিথি ছিলেন না কিংবা উপস্থিতও ছিলেন না।
ফ্যাক্টচেকের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এমন কোনো ছবি ফ্যাক্টচেকের মাধ্যমে কোথাও পাওয়া যায়নি। বরং ফ্যাক্টচেকের মাধ্যমে দেখা গেছে ওই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেইসব ছবির কোনোটিতেই শেখ ফরিদ আহমেদ মানিকের ছবি নেই, ব্যানারেও নাম নেই। ফ্যাক্টচেক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, গত দুই দিন ধরে ফেইসবুকে প্রচারিত এডিটকৃত ছবিটি ভুয়া।
এই ষড়যন্ত্রমূলক অপপ্রচারে চাঁদপুরের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটিকে নিন্দনীয়, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন তারা। এসব অপপ্রচারকারীদের দল থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে নিজের ফেইসবুক একাউন্টে একটি পোস্টও দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক। পোস্টে তিনি লেখেন- ”ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর, বিনা ভোটের এমপি দীপু মনির সাথে আমার একটা কাট এন্ড পেস্ট ছবি সামাজিক মাধ্যমে অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে ছড়ানো হয়েছে। চাঁদপুরে দীর্ঘ ১৬ বছরে আওয়ামী লীগের দিপু মনি দ্বারা আমরা নির্যাতিত হয়েছি।বার বার কারাগারে নেয়া হয়েছে। আমার ঘর-বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। ব্যবসা-বাণিজ্য ধ্বংস করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে হত্যাসহ বহু মামলার আসামি করা হয়েছে। দিপু মনি আমার মার্কা ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে। অথচ সেই দিপু মনির সাথে ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে! অন্যায় অপপ্রচার নয়, সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতায় স্বাগত জানাই।আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আমিন। (সবার জ্ঞাতার্থে আসল ও নকল ছবিগুলো সংযুক্ত করলাম)”
ছবির ক্যাপশন-
ডা. দীপু মনির অংশগ্রহণকৃত মূল ছবি। পাশে অতিথিবৃন্দ।
ছবির ক্যাপশন-
ডা. দীপু মনির অংশগ্রহণকৃত অনুষ্ঠানের ছবি এডিট করে তার পাশে শেখ ফরিদ আহমেদ মানিকের ছবি যুক্ত করা হয়।