Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরে নতুন অধ্যক্ষ ক্যাপ্টেন জাহানইয়ার

নিজস্ব প্রতিবেদক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর ও বাবুরহাট ক্যাম্পাসের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার, বিএন (অব.)। গত ৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।

নতুন অধ্যক্ষের যোগদানের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন নেতৃত্ব ও গতিশীলতা আসবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, আধুনিক শিক্ষাব্যবস্থার বিকাশ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত। অধ্যক্ষ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে যোগদানের আগে তিনি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ইউনাইটেড গ্রুপ পরিচালিত ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরেও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দুটি প্রতিষ্ঠানেই তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানানো হয়েছে।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর খান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ারকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর ক্যাম্পাসের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল এবং বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ ফয়সল আহমেদ ফরাজী। এ ছাড়া ড্যাফোডিল গ্রুপের করপোরেট কর্মকর্তা মাহবুবুল হোসেন ও সহকারী করপোরেট কর্মকর্তা ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। তাঁদেরও কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।

দিকনির্দেশনামূলক বক্তব্যে ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু ভালো ফলাফলের ওপর নির্ভর করে না। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলাও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সময়োপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শ্রেণিকক্ষের পাঠদান আরও কার্যকর করা, শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত রাখা এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

কলেজসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত করে তোলা জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমেও তাদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। নতুন অধ্যক্ষের অভিজ্ঞ নেতৃত্বে এসব কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর ও বাবুরহাট ক্যাম্পাসে নতুন অধ্যক্ষ হিসেবে ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ারের যোগদানকে প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে তাঁর পূর্ব অভিজ্ঞতা বর্তমান দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছেন তাঁরা।

কলেজ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর নেতৃত্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর ও বাবুরহাট ক্যাম্পাস শিক্ষা, শৃঙ্খলা, আধুনিকতা ও সাফল্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

Exit mobile version