Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

পবিত্র শবে বরাত স্ব স্ব বাসায় পালনের আহবান করেছে ইফা

মো. আল আমিন :
মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে পবিত্র শবে বরাত উপলক্ষে নিজ নিজ বাসস্থানে দোয়া ও নামাজ আদায় করার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে সারাদেশের মুসল্লিদের এ আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধকল্পে সরকার সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। অত্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সবাইকে হোম কোয়ারেন্টিন পালন করতে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও মসজিদে জুমা ও পাঁচ ওয়াক্তের ফরজ নামাজে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখার আহবান করা হয়েছে। অযু, নফল ও সুন্নত নামাজ বাসায় আদায় করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই সংকটকালীন পরিস্থিতিতে দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত করোনা ভাইরাস সম্পর্কিত দিক নির্দেশনামূলক বক্তব্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত নির্দেশনা মান্য করে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ নিজ বাসস্থানে বসে পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।’

Exit mobile version