Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

পৌরসভার ১৫টি ওয়ার্ডের ছাত্রলীগের সাথে মেয়র প্রার্থী জুয়েলের মতবিনিময়

চাঁদপুর পৌর এলাকার উন্নয়নে নৌকার বিজয়ের বিকল্প নেই : অ্যাড. জিল্লুর রহমান জুয়েল

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নৌকা প্রতীকের পক্ষে চাঁদপুর পৌর ১৫টি ওয়ার্ডের ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ১-৫নং ওয়ার্ড, ১৬ সেপ্টেম্বর ৬-১০নং ওয়ার্ড ও ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১১ থেকে ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীর সাথে এ মতবিনিময় সভা সম্পন্ন হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা আইয়ুব আলী বেপারী, অ্যাড. সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।

চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুর পৌরসভার এবারের নির্বাচন ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। সুতরাং পৌর ছাত্রলীগের নেতা-কর্মীদের ইভিএম সম্পর্কে ভোটারদেরকে ধারণা দিতে হবে। চাঁদপুরের অনেক ওয়ার্ড এখনো অনুন্নত রয়ে গেছে। চাঁদপুর শহরের নদী ভাঙ্গনরোধসহ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা ভোটারদের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। তাই ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির জন্য উৎসাহিত করতে ছাত্রলীগের নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় চাঁদপুর পৌর ১ থেকে ১৫টি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌর ছাত্রলীগ ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version