Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবনযাপন করতে শেখায় : ড. মো. সবুর খান

0-4480x2038-2-0#

নিজস্ব প্রতিবেদক :
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ তহবিল থেকে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও এককালীন বৃত্তির চেক তুলে দেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবনযাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।

তিনি বলেন, আমি আপনি সবাই এক আল্লাহর সৃষ্টি। সেই কারণে আমাদের মাথার ভেতর এটাও থাকতে হবে, আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। এই প্রতিষ্ঠানের সাথে জড়িত অনেকেই আজ আমাদের মাঝে নেই, আমাদেরকেও চলে যেতে হবে। তাই আমাদের এই আদর্শিক বিশ্বাসটুকু রাখতে হবে, আমরা যদি ভালো মন-মানসিকতা নিয়ে কাজ করি, তাহলে আল্লাহ আমাদের রহমত দেবেন, বরকত দেবেন।

সবুর খান বলেন, এই আয়োজন ভবিষ্যতে যদি বার্ষিকভাবে করা হয়, যদি দেখেন ছাত্র-ছাত্রী সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, অবশ্যই আমি চেষ্টা করবো আরো কোনো হেল্প করা যায় কিনা। মন যদি ভালো থাকে সফলতা আসবেই। আমরা আমাদের ফাউন্ডেশন থেকে একটা স্কলারশিপ দিচ্ছি। এই স্কলারশিপ শুধু বাবুরহাট না, আপনাদের আত্মীয়-স্বজন যেখানেই থাকুক, আমাদের এই স্কলারশিপের কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি মনে করেন আপনার আত্মীয় অন্য কোথাও আছে, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তাই আমি বিনীত অনুরোধ করবো, অন্য কোনো এলাকার কিংবা আপনার আত্মীয়স্বজনের মধ্যে কাউকে খুঁজে এনে যদি এই স্কলারশিপের আওতায় ভালো করতে পারে। আমি বিশ্বাস করি এতে করে আরো ভালো কিছু লোক তৈরি হয়, তাহলে আমাদের সমাজের অনেক সমস্যাই থাকবে না। সুতরাং বাবুরহাট স্কুলেরও আদর্শ ও উদ্দেশ্য থাকতে হবে, আরো অনেক জায়গায় যেনো আমার মতো লোক যেনো আরো তৈরি হয়। সেই কাজটাই আপনারা করবেন এবং সেখানে যদি আমাকে কোনো প্রয়োজন হয়, আমাকে বলবেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জেনে অবাক হবেন, আমার প্রতিষ্ঠানে আমার স্কুল এবং কলেজের অনেক বন্ধুরা কাজ করছে। এ জন্যই আমি বলবো এটা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। এটাই কিন্তু আল্লাহর বিধান, আমাদের আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশী সবাইকে আমাদের দেখতে হবে। সবাইকে যদি আমরা দেখি, তাহলে আমরাই কিন্তু বরকত পাবো এবং আমরাই সমাজে অনেক বেশি অবদান রাখতে পারব। সম্মাননা ও বৃত্তি পাওয়া সকল কৃতি শিক্ষার্থীদের আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয় শিক্ষক মাওলানা নজরুল ইসলাম। এরপর প্রয়াত হওয়া প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের রূহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ক্বারী হযরত আলী।

কলেজ শাখার প্রদর্শক মাসুদুর রহমান ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, বাবুরহাট কলেজের সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, প্রাক্তন সিনিয়র শিক্ষক শহিদুল্লাহ খান ও সহকারী অধ্যক্ষ সবিতা বিশ্বাস। অভিভাবকদের পক্ষে আবুল কাশেম ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে তিতাস রায় তুসি, সানজিদা খানম সেতু মণি এবং খাদিজা আক্তার মায়মুনা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ তহবিল থেকে কৃতি ৩৫জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়। তন্মধ্যে ১০জনকে ২০ হাজার এবং ২৫জনকে ১০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকার বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Exit mobile version