কবির হোসেন মিজি :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনী আমেজে ব্যানার ফেস্টুনে সেজেছে চাঁদপুর শহর। নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণার পর থেকেই নিজের ভোট চাইতে ভোটারদের দ্বার প্রান্তে ছুটে চলেছেন, বিভিন্ন দলের মেয়র প্রার্থী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন, এবং সংবাদপত্রে দোয়া প্রার্থীর মাধ্যমে শুরু হয় প্রার্থীদের প্রচার-প্রচারনা। ধীরে ধীরে চাঁদপুরে বইতে শুরু করে নির্বাচনী আমেজ। অনেকেই বলছেন, বর্তমান পরিস্থিতিতে প্রত্যাশার চাইতেও বেশি জমজমাট চাঁদপুর পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা।
জানা যায়, এর পূর্বে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও, বিএনপি সমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন।
এরপর পুনরায় আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচনের তারিখ চূড়ান্ত করে নির্বাচন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র পদ প্রার্থী এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা ভোট যুদ্ধে মাঠে নেমে পড়েন।
শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ এবং তা জমা দেয়ার কাজ। একই সাথে প্রার্থীতার মার্কা পেয়ে প্রচার-প্রচারনায় ব্যস্ত হয়ে উঠেন প্রার্থীরা। বিভিন্ন পত্রপত্রিকা, এবং ফেসবুক পোস্টের মাধ্যমে প্রার্থী এবং প্রার্থীদের শুভাকাঙ্খীরা প্রচার-প্রচারনা শুরু করেন।
ইতিমধ্যে চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন স্থানের পাড়া-মহল্লা ঘুরে দেখা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ছোট-বড় পোস্টার, ব্যানার এবং ফেস্টুনে সেজেছে চাঁদপুর। পাশাপাশি নানা রঙ্গে ঢংয়ে গানবাজনার মাধ্যমে মাইকিং করে স্ব স্ব প্রার্থীর ভোট চাওয়া হচ্ছে।
চাঁদপুর পৌরসভাধীন, নতুনবাজার, পুরানবাজার, বাবুরহাট, ওয়্যারলেস, বাসস্ট্যান্ড, স্টেডিয়াম রোড, মিশন রোড, ছায়াবানী, কালীবাড়িসহ প্রধান সড়কের পাশে সাটানো হয়েছে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের ব্যানার ফেস্টুন। এতে করে নির্বাচনী আমেজে ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে সেজেছে চাঁদপুর পৌরসভা। প্রার্থী এবং ভোটারদের মাঝে বইছে নির্বাচনী উৎসব।
প্রত্যেক প্রার্থীই জয়ের প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এই উৎসবে মেতে উঠেছেন। তবে আগামী ১০ অক্টোবর নির্বাচন শেষে জানা যাবে কার ভাগ্যে জয়ের মালা রয়েছে। কে হবেন চাঁদপুর পৌরসভার অভিবাবক এবং নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলর।
চাঁদপুর পৌরসভার ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৮শ’ ৮৬জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৯ হাজার ২৭জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫৮ হাজার ৮শ’ ৫৯জন। ১৫টি ওয়ার্ডে ভোট কেন্দ্র রয়েছে ৫২টি। আর এসব ভোটাররাই আগামী ১০ অক্টোবর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যার যার পছন্দের প্রার্থীকে নির্বাচনে জয়ী করবেন।
