Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তি-তর্ক ও হাস্যরসে প্রাণবন্ত রম্য বিতর্ক

শরীফুল ইসলাম
ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, উপস্থাপনা দক্ষতা এবং খেলাধুলার প্রতি ইতিবাচক আগ্রহ সৃষ্টি করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কের বিষয় ছিল- “বিশ্বকাপে আমরাই সেরা”। এতে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও জার্মানি দলের সমর্থক শিক্ষার্থীরা অংশ নেন। নিজ নিজ দলের পক্ষে তথ্য, যুক্তি, ইতিহাস ও সাফল্যের নানা দিক তুলে ধরে বিতার্কিকরা বিচারকদের মন জয় করার চেষ্টা করেন। প্রাণবন্ত যুক্তি-তর্ক, হাস্যরস ও দর্শকদের করতালিতে পুরো অনুষ্ঠান মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত।
চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, এইচ এম আহসান উল্লাহ এবং ড্যাফোডিল কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল হেলাল।
আর্জেন্টিনা সমর্থিত দলের বিতার্কিক নুসরাত জাহান ওহি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ঐতিহ্যের প্রতীক। বিতর্কের মাধ্যমে নিজেদের প্রিয় দলের সাফল্য ও ইতিহাস তুলে ধরার সুযোগ পেয়ে তারা আনন্দিত। স্পেন সমর্থিত দলের বিতার্কিক সিদরাতুল মুনতাহা রাহি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, খেলাধুলা মানুষকে সম্প্রীতি, শৃঙ্খলা ও সহনশীলতার শিক্ষা দেয়। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজিত এ ধরনের রম্য বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তি উপস্থাপনের দক্ষতা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে রম্য বিতর্ক উপভোগ করেন। প্রাণবন্ত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিশ্বকাপ ফুটবলের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।

Exit mobile version