নিজস্ব প্রতিবেদক :
বিনোদন জগতে ‘বাংলাদেশের অস্কার’ হিসেবে খ্যাত “মেরিল-প্রথম আলো পুরস্কার”। এবার ‘উড়াল’ চলচ্চিত্রের জন্য সমালোচক পুরস্কার-২০২৫ এর পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা অভিনেতা ক্যাটারগরিতে “উড়াল” এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চাঁদপুরের কৃতিসন্তান তরুণ অভিনেতা শান্ত চন্দ্র সূত্রধর। আগামী ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হবে।
নিজের অভিনিত প্রথম সিনেমাতেই এই অর্জন তার অভিনয়জীবনের এক গুরুত্বপূর্ণ কৃতিত্ব। ভারতের “রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়” থেকে নাটক, চলচ্চিত্র ও গণযোগাযোগে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর বাংলাদেশের সিনেমা জগতে তার এই মনোনয়ন মেধা ও অভিনয়শৈলীর প্রথম স্বীকৃতি। উড়াল ছবিতে তার অনবদ্য ও সাবলিল অভিনয় দর্শকদের পাশাপাশি চলচ্চিত্রবোদ্ধাদের দৃষ্টি কাড়ে।
গতকাল প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এক অভিনন্দনপত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করেন। প্রথম আলোর বিনোদন বিভাগেও এ সংক্রান্ত সচিত্র বিজ্ঞপ্তি প্রচার করা হয়। একই বিভাগে সহ-অভিনেতা মাহাফুজ মুন্নার মনোনয়ন ‘উড়াল’ চলচ্চিত্রের সাফল্যকে আরও দৃঢ় করেছে। চলচ্চিত্রটির পরিচালক জোবায়দুর রহমান সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন।
এবারের মেরিল-প্রথম আলো পুরস্কারে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন- সেরা চলচ্চিত্র : জয়া আর শারমিন, বাড়ির নাম শাহানা ও সাবা। সেরা পরিচালক : জোবায়দুর রহমান (উড়াল), পিপলু আর খান (জয়া আর শারমিন), মাকসুদ হোসেন (সাবা)। সেরা অভিনেত্রী : জাকিয়া বারী মম (অন্ধকারের গান), জয়া আহসান (ফেরেশতে), মেহজাবীন চৌধুরী (সাবা)। সেরা অভিনেতা : কামরুজ্জামান কামু (আমলনামা), মনোজ প্রামাণিক (অমীমাংসিত), মাহাফুজ মুন্না ও শান্ত চন্দ্র সূত্রধর (উড়াল)।
উল্লেখ্য, শান্ত চন্দ্র সূত্রধর ভারত সরকারের উচ্চতর শিক্ষাবৃত্তি পেয়ে কলকাতার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়” থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তিনি চাঁদপুরের অন্যতম নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন গুণী প্রশিক্ষকদের কাছ থেকে এই দক্ষতা অর্জন করেন। তার অভিনিত নাটক বিভিন্ন টেলিভিশনে সম্প্রচার হয়েছে। তার বাবা লক্ষ্মন চন্দ্র সূত্রধর চাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
