Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ড. সবুর খানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

শনিবার সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার (BEAR) সামিট-২০২৬ এ ড্যাফোডিল কম্পিউটারসের (DCL) প্যাভিলিয়ন পরিদর্শনকালে তাদের মধ্যে আন্তরিক পরিবেশে কথা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন ড. সবুর খান।

বিশেষভাবে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, এআই ভিত্তিক সমাধান এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির প্রচেষ্টা তুলে ধরেন ড. সবুর খান। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে শিক্ষার্থীদের উদ্ভাবনকে উৎসাহিত করেন এবং এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার প্রতি তাঁর দৃঢ় আগ্রহ প্রকাশ করেন। তিনি ড্যাফোডিলের ‘মেইড ইন বাংলাদেশ’ ল্যাপটপ ও প্রযুক্তি উৎপাদন উদ্যোগের প্রশংসা করেন এবং দেশীয় প্রযুক্তি পণ্যকে বিশ্ববাজারে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ড. সবুর খান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কালিয়াকৈর হাইটেক পার্কে ড্যাফোডিল কম্পিউটার্সের সেটআপ পরিদর্শনের আমন্ত্রণ জানান, যা তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন। পাশাপাশি দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্স পুনরায় সক্রিয় করার প্রস্তাবও তুলে ধরেন। অতীতে (২০০২–২০০৩) ড. সবুর খান এই টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

মতবিনিময় পরবর্তী এক প্রতিক্রিয়ায় ড. মো. সবুর খান বলেন, আমি বিশ্বাস করি, সরকার–বিশ্ববিদ্যালয়–শিল্পখাতের সমন্বিত উদ্যোগই বাংলাদেশকে একটি উদ্ভাবননির্ভর, প্রযুক্তিনির্ভর এবং জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী হলেন ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো “গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যতের বিনির্মাণ”। শনিবার (২৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক জাতীয় সেমিকন্ডাক্টর সেমিনার ও বিয়ার (BEAR) সামিট-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনটির নাম বিয়ার (BEAR) মূলত চারটি উদীয়মান প্রযুক্তির আদ্যক্ষর নিয়ে গঠিত- Biotechnology (বায়োটেকনোলজি), Electronics (ইলেকট্রনিক্স), Artificial Intelligence (কৃত্রিম বুদ্ধিমত্তা), এবং Robotics (রোবোটিক্স)।

Exit mobile version