Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে “সবার আগে বাংলাদেশ” দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এমপি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার।
বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি এবং দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা প্রয়োজন। আলোচকরা মত প্রকাশ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরপরই শিক্ষা কমিশন গঠন অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। তারা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার একাধিক কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন না হওয়া দুঃখজনক।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত “সবার আগে বাংলাদেশ” স্লোগান বাস্তবায়নে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জাতিকে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে নিতে জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা বাজেট বরাদ্দ রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন এবং একটি স্থায়ী শিক্ষা নীতির ওপর গুরুত্বারোপ করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদান করা হয়।
Exit mobile version