Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

মেঘনায় প্রায় ৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকা মূল্যমানের ১৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। রোববার বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সাব-লেফটেন্যান্ট রুহান মঞ্জুরের নেতৃতে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ভাসমান নদীতে পাতানো অবস্থায় ১৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকা বলে কোস্টগার্ড জানিয়েছে।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে শনিবার বিসিজি স্টেশন চাঁদপুর অভিযান পরিচালনা করে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করে।

কোস্টগার্ড সূত্রে জানানো হয়, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Exit mobile version