Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং

-রহিম বাদশা

সংবাদ কী? (What is News?) : সাধারণ কথায়, চারপাশের ঘটে যাওয়া নতুন, অস্বাভাবিক, ব্যতিক্রম, বিরল, চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ, পাঠকের জানার আগ্রহ আছে এবং জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা-দুর্ঘটনার বিবরণই হলো সংবাদ। সাংবাদিকতার ভাষায়- “কুকুর মানুষকে কামড়ালে তা খবর নয়, মানুষ কুকুরকে কামড়ালে সেটাই খবর।” অর্থাৎ, যা ব্যতিক্রমী এবং সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে, সেটাই সংবাদ। আবার স্বাভাবিক ঘটনাও খবর হয়। যেমন- “শাহরাস্তিতে এবার ধানের বাম্পার ফলন হয়েছে”। তবে কোনো ঘটনা-দুর্ঘটনার তথ্য যতক্ষণ পর্যন্ত কোনো গণমাধ্যমে প্রকাশ-প্রচার না হবে ততক্ষণ পর্যন্ত সেটি সংবাদ/খবর হিসেবে বিবেচ্য হবে না।

সংবাদ সংগ্রহের আধুনিক কৌশল (News Sourcing) : উপজেলা পর্যায়ে কার্যকর ও এক্সক্লুসিভ সংবাদ সংগ্রহের জন্য ৪টি মূল বিষয়ের ওপর জোর দিতে হবে :
* সোর্স বা তথ্যদাতার নেটওয়ার্ক : সরকারি কর্মকর্তা, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, হাসপাতালের কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে রিকশাচালক, ব্যবসায়ী বা সাধারণ মানুষ- সবার সাথে পেশাদার সম্পর্ক রাখুন। এমনটি বিভিন্ন রাজনীতিক নেতা-কর্মী-সমর্থক এবং সহকর্মী সাংবাদিকরাও ভালো তথ্যদাতা হতে পারেন।

* সশরীরে পর্যবেক্ষণ : প্রতিদিন অফিসে বা নিয়মিত একই স্থানে বসে না থেকে হাট-বাজার, রাস্তাঘাট ও প্রত্যন্ত অঞ্চলে যান। মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনুন। বিভিন্ন গণপরিবহন ও চায়ের দোকানে কান পেতে শুনুন মানুষ কি বলে, সেখানেও পেয়ে যেতে পারেন ভালো কোনো সংবাদের সূত্র। সভা-সমাবেশেও অনেক গুরুত্বপূর্ণ সংবাদের সূত্র পাওয়া যেতে পারে। বিশেষ করে উপজেলা প্রশাসনের সভাগুলোতে স্থানীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য পাওয়া যায়।

* ডিজিটাল সোর্সিং ও সোশ্যাল মিডিয়া : ফেসবুক বা স্থানীয় গ্রুপগুলোর পোস্টে নজর রাখুন। তবে কোনো ব্যক্তির ফেসবুক পোস্টের তথ্য পুরোপুরো বিশ্বাস না করে সেটিকে প্রাথমিক তথ্য হিসেবে বিবেচনায় নিয়ে নিজে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করুন। কোনোভাবেই ফেসবুকের মতো উন্মুক্ত ও স্বাধীন ফ্লাটফর্মের উপর পুরোপুরি বিশ্বাস বা নির্ভর করা যাবে না।

* ফলো-আপ (Follow-up) : কোনো বড় ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন বা কয়েক মাস পর সেটির বর্তমান অবস্থা কী (যেমন: মামলার অগ্রগতি বা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন), তা নিয়ে রিপোর্ট করুন। গতকাল ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ফলোআপ নিউজ হতে পারে বেশ ক’দিন।

খবর লেখার মূল চাবিকাঠি : 5W, 1H ফর্মুলা : যে কোনো রিপোর্টিংয়ের মূল ভিত্তি হলো ৬টি প্রশ্ন। আপনার তৈরি করা রিপোর্টে অবশ্যই নিচের ৬টি প্রশ্নের উত্তর থাকতে হবে। যাকে সংক্ষেপে 5W, 1H বলা হয়ে থাকে। এগুলো হলো-
১. কী (What) : কী ঘটেছে?
২. কে (Who) : ঘটনার সাথে কে বা কারা জড়িত?
৩. কোথায় (Where) : ঘটনাটি কোন স্থানে ঘটেছে?
৪. কখন (ডWhen) : ঘটনাটি ঠিক কখন ঘটেছে?
৫. কেন (Why) : ঘটনাটি কেন ঘটল বা এর পেছনের কারণ কী?
৬. কীভাবে (How) : ঘটনাটি কীভাবে সংগঠিত হলো?
আধুনিক সাংবাদকিতায় এর সাথে যুক্ত হয়েছে পক্ষ-বিপক্ষ-ভুক্তভোগী-অভিযুক্ত ব্যক্তির বক্তব্য/অভিযোগ/আত্মপক্ষ সমর্থন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য/মন্তব্য।

নিউজের গঠন : উল্টো পিরামিড কাঠামো (Inverted Pyramid)।
আধুনিক সাংবাদিকতায় খবর লেখার জন্য ‘উল্টো পিরামিড’ কাঠামো ব্যবহার করা হয়। এর মানে হলো- সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি থাকবে সবার উপরে এবং কম গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে ক্রমান্বয়ে নিচের দিকে।
* সূচনা বা ইন্ট্রো (Intro/Lead) : খবরের প্রথম ২-৩ লাইনের মধ্যে ঘটনার মূল সারসংক্ষেপ (কী, কে, কোথায়, কখন) থাকতে হবে। পাঠক যেন প্রথম অনুচ্ছেদ পড়েই পুরো ঘটনা বুঝতে পারেন।
* বডি বা বিস্তারিত অংশ : ঘটনার পেছনের কারণ, কীভাবে ঘটল, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য এখানে যুক্ত হবে।
* ইতি টানা বা ব্যাকগ্রাউন্ড : ঘটনার সাথে সম্পর্কিত পূর্বের কোনো তথ্য বা হালকা বিবরণ দিয়ে নিউজ শেষ করতে হবে।

মফস্বল বা স্থানীয় সাংবাদিকতার প্রধান ক্ষেত্রসমূহ : শাহরাস্তি বা উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় খবরের ক্ষেত্রগুলো হলো :
* জনদুর্ভোগ : রাস্তাঘাটের সমস্যা, জলাবদ্ধতা, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, বিদ্যুৎ বিভ্রাট ইত্যাদি।
* কৃষি ও পরিবেশ : ফসলের ক্ষতি বা বাম্পার ফলন, ডাকাতিয়া নদীর পরিবেশ বিপর্যয়, অবৈধ বালু উত্তোলন বা নদী দখল।
* সফলতার গল্প (Human Interest Story) : স্থানীয় কোনো উদ্যোক্তা, সফল চাষী বা সুবিধাবঞ্চিত মেধারী শিক্ষার্থীর গল্প।
* সলিউশন জার্নালিজম : কেবল সমস্যা তুলে না ধরে, বিশেষজ্ঞ বা স্থানীয়দের মতামত নিয়ে সেই সমস্যার সমাধানের পথ রিপোর্টে দেখান।
* সম্ভাবনা : জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক এমন সম্ভাবনাও তুলে ধরা যেতে পারে। যেমন- সাম্প্রতিক সময়ে এই উপজেলায় পর্যটন শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
* দুর্ঘটনা ও ডেইলি ইভেন্ট : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিরাট অংশ এই উপজেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রায়ই এখানে সড়ক দুর্ঘটনা ঘটে, যা জানার আগ্রহ দেশবাসীর। এছাড়া রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠন/সংস্থার দৈনন্দিন খবরগুলো গণমাধ্যমে তুলে ধরুন।

নৈতিকতা ও তথ্য যাচাই (Fact-checking) :
* একতরফা রিপোর্ট পরিহার : যে কোনো অপরাধ বা বিরোধের খবরের ক্ষেত্রে দুই পক্ষের বক্তব্যই সমানভাবে রিপোর্টে প্রকাশ করতে হবে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া বাধ্যতামূলক।
* ডাবল ক্রস-চেক : কোনো সংবেদনশীল তথ্য পেলে অন্তত দুটি ভিন্ন ও নির্ভরযোগ্য সূত্র থেকে তা নিশ্চিত (Confirm) হয়ে নিন।
* কর্তৃপক্ষের বক্তব্য : আইনগত জটিলতা এড়াতে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, থানার ওসি বা দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য বা কোটেশন (Quotation) অবশ্যই রিপোর্টে যুক্ত করবেন।

-রহিম বাদশা, পিআইবি-এমআরডিআই’র প্রশিক্ষকের প্রশিক্ষণ (টিওটি/টট) প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক।

(১২ আগস্ট, ২০২৬ খ্রি. শাহরাস্তি প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থাপিত প্রবন্ধ)।

Exit mobile version