Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

সস্ত্রীক হজে যাচ্ছেন বিএনপি নেতা মোশারফ হোসাইন, চাইলেন দোয়া

 

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরব যাচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন। তাঁর সঙ্গে যাচ্ছেন স্ত্রী, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁদের সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
সৌদি আরব গমনের প্রাক্কালে মোশারফ হোসাইন চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, “আমরা যেন সুস্থভাবে হজের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারি এবং মহান আল্লাহ আমাদের হজ ‘হজে মাবরুর’ হিসেবে কবুল করেন—সেজন্য সবার কাছে দোয়া চাই।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ৩৮ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছি। পাশাপাশি প্রায় ৩৫ বছর ধরে চাঁদপুরে ব্যবসা এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আমার এই দীর্ঘ পথচলায় যদি জানা-অজানায় কারও মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
তিনি জানান, হজে অবস্থানকালে তিনি চাঁদপুরবাসীর জন্য দোয়া করবেন, যেন জেলার মানুষ আরও ভালো থাকতে পারে।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোশারফ হোসাইন বলেন, “আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন চাঁদপুরবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। আমার একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্যও পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে। আমরা পরিবারসহ জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।”
তিনি আরও বলেন, “আমি শুধু মানুষের দোয়া ও ভালোবাসা চাই। কারণ আমি বিশ্বাস করি, ভালোবাসার চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। আমাদের পরিবারের স্লোগান—‘এক শহর, এক স্বপ্ন’।”
সস্ত্রীক হজ পালন শেষে আসন্ন ঈদুল আজহার প্রায় এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

Exit mobile version