আল ইমরান শোভন
সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পুরো অর্থ ব্যয় না হলে সাধারণত কাজের পরিমাণও কমে যাওয়ার কথা। কিন্তু চাঁদপুরের শাহরাস্তিতে ঘটেছে উল্টো ঘটনা। নির্ধারিত বরাদ্দের চেয়ে কম অর্থ ব্যয় করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি খাল খনন করা হয়েছে। দুটি প্রকল্পে প্রায় ২১ কিলোমিটার খাল খনন শেষে অব্যয়িত ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরে উপজেলার ‘খদ্দের খাল’ এবং ‘নওড়া–মেহের গোদা খাল’ পুনঃখননের জন্য সরকার মোট ৪ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ দেয়। প্রকল্প দুটির আওতায় প্রাথমিকভাবে ১৯ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কাজ শেষ হওয়ার পর দেখা যায়, নির্ধারিত লক্ষ্যের চেয়ে প্রায় দুই কিলোমিটার বেশি খনন করা হয়েছে। অথচ ব্যয় হয়েছে বরাদ্দের চেয়ে কম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সরকারি হিসাব বিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রকল্পের হিসাব অনুযায়ী, ‘খদ্দের খাল’ খননে বরাদ্দ ছিল ৩ কোটি ৯ লাখ ২ হাজার ৪৭০ টাকা। ডাকাতিয়া নদীর খোর্দ থেকে মোড়াগাঁও বটতলা শৈলখালী খাল পর্যন্ত এ প্রকল্পে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৪১৩ টাকা। অর্থাৎ এ প্রকল্পে বরাদ্দের তুলনায় সাশ্রয় হয়েছে প্রায় ২০ লাখ ৪৮ হাজার টাকা।
অন্যদিকে ‘নওড়া–মেহের গোদা খাল’ খননের জন্য বরাদ্দ ছিল ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ১৯৪ টাকা। এ প্রকল্পেও সাশ্রয় হয়েছে প্রায় ২০ লাখ ৩২ হাজার টাকা।
দুটি প্রকল্পে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৬০০ টাকা। ফলে মোট ৪০ লাখ ৮০ হাজার টাকা অব্যয়িত থাকে। কাজ শেষে ওই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু বলেন, শুরুতে দুটি প্রকল্পের আওতায় ১৯ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা ও বাজেট নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সুষ্ঠু পরিকল্পনা, নিবিড় তদারকি এবং আধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহারের কারণে কম খরচে বেশি কাজ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রকল্পে নারী শ্রমিকের অংশগ্রহণের নির্ধারিত শর্তও বজায় রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহার করায় একদিকে কাজের সময় কমেছে, অন্যদিকে শ্রম ও অন্যান্য খাতে ব্যয়ও সাশ্রয় হয়েছে। ফলে নির্ধারিত অর্থের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি খাল খনন করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, খাল খননের মতো প্রকল্পে শুধু মাটি কাটার পরিমাণ নির্ধারণ করলেই হয় না। কোথায় কতটুকু খনন প্রয়োজন, কোন অংশে যন্ত্র ব্যবহার হবে, কোথায় শ্রমিক দিয়ে কাজ করা হবে—এসব বিষয়ে পরিকল্পনা ও মাঠপর্যায়ের তদারকি গুরুত্বপূর্ণ। শাহরাস্তির দুটি প্রকল্পে এসব বিষয় সমন্বয় করেই কাজ করা হয়েছে।
সরকারি প্রকল্পে বরাদ্দের অর্থের পুরোটা ব্যয় করাকে অনেক সময় কাজ শেষ হওয়ার একটি প্রচলিত সূচক হিসেবে দেখা হয়। কিন্তু শাহরাস্তির এই দুই প্রকল্পের হিসাব বলছে, বরাদ্দের অর্থ শেষ না করেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কাজ করা সম্ভব।
এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় শুধু অর্থ সাশ্রয় নয়; সাশ্রয় করা অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়াও। দুটি প্রকল্পে অব্যয়িত ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত দেওয়ার মধ্য দিয়ে সরকারি অর্থ ব্যবহারে জবাবদিহির একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থ ব্যয় হয়। সেই অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হলে একই বরাদ্দে বেশি উন্নয়নকাজ করা সম্ভব। আবার কাজের পর অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হলে সরকারি অর্থের অপচয় কমবে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থাও বাড়বে।
শাহরাস্তির দুটি খাল দীর্ঘদিন ধরে পলি জমে পানিপ্রবাহে বাধাগ্রস্ত ছিল। পুনঃখননের ফলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি ও পরিবেশে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
খাল সচল হলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কৃষিজমিতে সেচের সুবিধা, মাছের আবাসস্থল এবং স্থানীয় জলাবদ্ধতা নিরসনেও এর ভূমিকা থাকতে পারে। ফলে প্রকল্পের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি এর বাস্তব উপকারও স্থানীয় জনগণ পাবে।
অর্থ সাশ্রয় ও প্রকল্প বাস্তবায়নে দক্ষতার বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়েও গুরুত্ব পেয়েছে। এর স্বীকৃতি হিসেবে গত ৮ আগস্ট ২০২৬ শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা খাতুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সম্মানসূচক আমন্ত্রণ জানানো হয়।
সেখানে প্রকল্প বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা, সরকারি অর্থ সাশ্রয় এবং প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, একটি প্রকল্পের সাফল্য শুধু নির্ধারিত কাজ শেষ করার মধ্যে সীমাবদ্ধ নয়। নির্ধারিত মান বজায় রেখে কম খরচে বেশি কাজ করা এবং অব্যয়িত অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে ফেরত দেওয়াও প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ।
শাহরাস্তির এই দুটি খাল খনন প্রকল্পে সেই বিষয়টিই সামনে এসেছে। ১৯ কিলোমিটার খননের লক্ষ্য ছিল, বাস্তবে হয়েছে প্রায় ২১ কিলোমিটার। বরাদ্দ ছিল ৪ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকা, ব্যয় হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৬০০ টাকা। আর বেঁচে যাওয়া ৪০ লাখ ৮০ হাজার টাকা ফিরে গেছে সরকারি কোষাগারে।
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে যেখানে অনিয়ম, অপচয় ও প্রকল্প ব্যয় বাড়ার অভিযোগ প্রায়ই আলোচনায় আসে, সেখানে শাহরাস্তির এই হিসাব ব্যতিক্রমী। তবে এ ধরনের উদ্যোগ শুধু একটি উপজেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সরকারি উন্নয়ন প্রকল্পেও বাস্তবায়ন করা গেলে একই অর্থে আরও বেশি কাজ করা সম্ভব- এমনটাই মনে করছেন স্থানীয়রা।
তাঁদের প্রত্যাশা, সরকারি অর্থকে ‘বরাদ্দ শেষ করার অর্থ’ হিসেবে নয়, জনগণের সম্পদ হিসেবে বিবেচনা করে প্রতিটি প্রকল্পে কম খরচে বেশি ও মানসম্মত কাজের সংস্কৃতি গড়ে উঠবে।
