নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। মামলায় মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমদ মঞ্জু ও ছেঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জসহ ৬জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরো ১৫জনকে আসামী করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। মামলা নম্বর ১/২৪।
মামলার আসামীরা হলেন- আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, আনিসুল হক, ছেঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর আহমদ, ছোংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মাহফুজুর রহমান আদনান এবং অজ্ঞাতনামা আরো ১৫জন।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, ২০১৫ সালের ১৩ নভেম্বর দুপুরে উপজেলার ছোট ষাটনল গ্রামে এক কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হোন মামলার ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। ওই সময় আওয়ামী লীগ ও তার সমর্থিত সন্ত্রাসীরা মামলার বাদীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং একই দিন তার নিজ বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি, লুটতরাজ ও ভাঙচুর করে।
ঘটনার দিন ব্যারিস্টার টিপু গ্রামবাসীর সহায়তায় ট্রলারযোগে মেঘনা নদী পাড়ি দিয়ে মুন্সীগঞ্জ হয়ে ঢাকা পৌঁছাতে সক্ষম হন। তাছাড়া ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত বহুবার তার উপর আক্রমণ ও বাড়িতে হামলা হয়। নিরাপত্তার অভাবে সে সময় তিনি থানায় মামলা করতে পারেননি। তবে অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন।
মামলা প্রসঙ্গে বাদী ব্যারিস্টার টিপু বলেন, মামলার ঘটনা সম্পূর্ণ সত্য। যার সাক্ষি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এলাকার অসংখ্য সাধারণ জনগণ। তিনি আদালতের কাছে ন্যায় বিচারপ্রার্থী।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ১ অক্টোবর থানায় এই সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।