চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকে রাসুল মজলিসের জশনে জুলুস

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য জশনে জুলুস, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা আশেকে রাসুল মজলিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম থেকে জশনে জুলুসের আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে আশেকে রাসুল মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জশনে জুলুসটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে অংশ নেওয়া মুসল্লিরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানান।
জশনে জুলুস শেষে বাদ মাগরিব চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলা মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলা আশেকে রাসুল মজলিসের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রঈছুর রহমান, সহকারী সমন্বয়ক মোজাম্মেল হোসেন শাহিন, সরকারি সমন্বয়ক গিয়াস উদ্দিন নান্নু মিয়াজী ও মহসিন সরদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.) মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়, মানবিকতা ও শান্তির শিক্ষা প্রতিষ্ঠা করেছেন।
বক্তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দ প্রকাশের দিন নয়; এ দিন মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানার, তাঁর শিক্ষা অনুসরণের অঙ্গীকার করার এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার সুযোগ তৈরি করে।
আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ ও অশান্তি দূর করে মহানবী (সা.)-এর আদর্শে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন ও কর্ম সম্পর্কে জানার এবং তাঁর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাত সাড়ে ৮টার দিকে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শান্তিপূর্ণভাবে শেষ হয়।
শেয়ার করুন