২৫ বছরের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মানুষের আস্থা অর্জন করেছে দৈনিক চাঁদপুর প্রবাহ : এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

শরীফুল ইসলাম

চাঁদপুরের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী আঞ্চলিক দৈনিক চাঁদপুর প্রবাহ ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজতজয়ন্তী উদযাপন করেছে। প্রতিনিধি সম্মেলন, সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, কেক কাটা, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পালিত হয় পত্রিকাটির গৌরবময় এই মাইলফলক।

শুক্রবার চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

দৈনিক চাঁদপুর প্রবাহের প্রধান নির্বাহী সম্পাদক আলহাজ ওমর পাটওয়ারীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা ও সাংবাদিক ইউনুস উল্ল্যাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রিয়াদ ফেরদৌস, ব্যবসায়ী সেলিম খান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এ কে এম রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আহসানউল্লাহ, জিএম শাহিন, মির্জা জাকির, ড্যাফোডিল ইউনিভার্সিটির সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি কাদের পলাশ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রধান বার্তা সম্পাদক আল ইমরান সোভন এবং ফরিদগঞ্জ প্রতিনিধি ফয়েজ আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দৈনিক চাঁদপুর প্রবাহ গত ২৫ বছর ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে পত্রিকাটি চাঁদপুরের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি নিয়মিত গণমাধ্যমের সংবাদ অনুসরণ করেন। ঢাকায় কিংবা দেশের বাইরে থাকলেও সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

তিনি বলেন, সাংবাদিকদের প্রকাশিত সংবাদ আমাদের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখে। কোথাও কোনো সমস্যা থাকলে কিংবা উন্নয়নের ঘাটতি থাকলে তা সংবাদে উঠে আসে বলেই আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি।

সাংবাদিকদের উদ্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমার কোনো ভুলত্রুটি যদি আপনাদের নজরে আসে, অবশ্যই তা লিখবেন। গঠনমূলক সমালোচনা আমাকে নিজের ভুল সংশোধনের সুযোগ করে দেবে এবং জনগণের আরও ভালোভাবে সেবা করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, সংবাদপত্রের দায়িত্ব শুধু প্রশংসা করা নয়, বরং সত্য ও বাস্তবতা তুলে ধরা। একজন জনপ্রতিনিধির ভুলত্রুটি তুলে ধরলে সেটি সংশোধনের সুযোগ সৃষ্টি হয় এবং জবাবদিহিতা নিশ্চিত হয়।

সংসদ সদস্য বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। এ ধরনের অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদই একটি গণতান্ত্রিক সমাজের শক্তি। সম্প্রতি জাতীয় সংসদে অপতথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় একটি কঠোর আইন পাস হয়েছে। তবে আইনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সততা ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করে বলেন, গত ২৫ বছরে দৈনিক চাঁদপুর প্রবাহ যেভাবে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়েছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

সংবর্ধিত অতিথি একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম বলেন, একটি আঞ্চলিক পত্রিকার টানা ২৫ বছর টিকে থাকা এবং পাঠকের আস্থা ধরে রাখা অত্যন্ত গৌরবের বিষয়। দৈনিক চাঁদপুর প্রবাহ শুধু সংবাদ পরিবেশনই করেনি, বরং স্থানীয় সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, স্থানীয় গণমাধ্যমই একটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের সংগ্রামের সবচেয়ে নির্ভরযোগ্য দলিল। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজে জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতি ও অনিয়ম উন্মোচন, গণসচেতনতা সৃষ্টি এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক চাঁদপুর প্রবাহ গত এক-চতুর্থাংশ শতাব্দী ধরে সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সেই ভূমিকা পালন করে পাঠকের আস্থা অর্জন করেছে।

দিনের কর্মসূচির শুরুতে বাদ জুমা প্রতিনিধি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে প্রতিনিধি সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সংবাদ পরিবেশন, সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

দুপুরে সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আরটিভির অনলাইন আইটি ইনচার্জ দেলোয়ার হোসেন। কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতা, অনলাইন সংবাদ প্রকাশের কৌশল, তথ্য যাচাই, ভুয়া খবর শনাক্তকরণ এবং আধুনিক গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আলোচনা সভা শেষে অতিথিরা রজতজয়ন্তী উপলক্ষে ২৫ বছর পূর্তির বিশেষ কেক কাটেন। পরে সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আমন্ত্রিত শিল্পীরা। দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাতে বুফে ডিনারের মাধ্যমে রজতজয়ন্তীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ ২৫ বছরের পথচলায় দৈনিক চাঁদপুর প্রবাহ যে আস্থা, গ্রহণযোগ্যতা ও পাঠকপ্রিয়তা অর্জন করেছে, রজতজয়ন্তীর এই আয়োজন সেই সফলতারই এক গৌরবময় উদযাপন।

শেয়ার করুন