পুরানবাজারের রওনাগোয়ালে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল 

  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর শহরের পুরানবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের রওনাগোয়াল (আবুল আখন বাড়ি) সংলগ্ন মেঘনা নদীর তীরে রওনাগোয়াল একাদশের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক দর্শক।

টুর্নামেন্টটির স্পন্সর হিসেবে সহযোগিতা করে শপলজিস্ট বাংলাদেশ লিমিটেড (এসবিএল)। স্থানীয় পর্যায়ে তরুণদের খেলাধুলা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। গত ২৯ মে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে খেলার যাত্রা শুরু হয়।

ফাইনাল খেলায় শক্তিশালী দুই দল স্পোটান এফসি ও ব্ল্যাক থান্ডার মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দলই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত ব্ল্যাক থান্ডার প্রতিপক্ষ স্পোটান এফসিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জিয়াউর রহমান সোহাগ এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান গাজী।

খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন রেফারি মো. আকতার হোসেন নান্টু। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. মুরাদ গাজী ও ইমদাদ সরকার সাকিব। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মো. শামীম, যিনি পুরো ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলেন।

ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারিজ রহমান। এছাড়া পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার অর্জন করেন সুজন হাওলাদার।

টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন লিটন গাজী, ভুট্টু শেখ, নজরুল ইসলাম হাওলাদার, ইমদাদ সরকার সাকিব, সুজন হাওলাদারসহ আরও অনেকে।
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি অংশগ্রহণকারী সকল দল, খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক এবং স্থানীয় এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এদিকে শপলজিস্ট বাংলাদেশ লিমিটেড (এসবিএল)-এর ম্যানেজিং ডিরেক্টর এমডি ফারুক আলম কোম্পানির পক্ষ থেকে আয়োজক কমিটি, অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “তরুণ সমাজকে খেলাধুলা, নেতৃত্ব বিকাশ এবং ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও শপলজিস্ট বাংলাদেশ লিমিটেড (এসবিএল) এ ধরনের সামাজিক, ক্রীড়া এবং যুব উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে।”

শেয়ার করুন