ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘শিল্প-শিক্ষায়তন সংযোগ উন্নয়ন’ বক্তৃতামালার ১৮তম পর্বের মূল বক্তা বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রানার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফিজুর রহমান খান তার ব্যবসায়ী সফলতার পিছনে মূল কারণ হিসেবে দূরদর্শিতা (ভবিষ্যৎ দেখতে পাওয়ার ক্ষমতা), নিজ দক্ষতা অনুভব করার ক্ষমতা, সততা এবং সঠিক নিয়মে ব্যবসা পরিচালনা করাকে উল্লেখ করেছেন। হাফিজুর রহমান খানের মতে, “যে উদ্যোক্তা ভবিষ্যৎ দেখতে পায়, সেই সফল ব্যবসায়ী হয়।” তিনি মনে করেন, বাজারের আগামী দিনের চাহিদা বা সম্ভাবনা আগে থেকে অনুমান করতে পারাই একজন সফল উদ্যোক্তার মূল শক্তি। তিনি সব সময় সততার সঙ্গে এবং সঠিক নিয়ম ও দেশের প্রচলিত বিধিমালা মেনে ব্যবসা করার প্রতি জোর দেন। অনৈতিক উপায়ে বড় হওয়ার চেয়ে নিয়মতান্ত্রিক উপায়ে দীর্ঘমেয়াদি ভিত্তি গড়ে তোলাকেই তিনি সাফল্যের মূল ভিত্তি মনে করেন।
সোমবার রাজধানী ঢাকার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন ও উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগের প্রধান কামরুজ্জামান দিদার ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বাংলাদেশের মধ্যে একমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেই উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ রয়েছে, আশা করি আমাদের শিক্ষার্থীরা এই আয়োজন ও হাফিজুর রহমান খান সাহেবের দিক নির্দেশনা থেকে অনেক কিছুই অর্জন করেছে এবং সেই অনুযায়ী তারাও এক সময় আমাদের অর্থনীতিতে অবদান রাখবে।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যাগে শিল্প-শিক্ষায়তন বক্তৃতামালা প্রথম শুরু হয় ২০১৬ সালে এবং সেই থেকে প্রথম পর্বের আওতায় মোট ১৩ জন দেশি-বিদেশি বিশিষ্ট উদ্যোক্তা উদ্যোক্তা উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য রাখেন, যেগুলোর একটি বড় অংশ নিয়ে ‘পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করে। ড. মো. সবুর খানের সম্পাদনায় প্রকাশিত উক্ত গ্রন্থের দ্বিতীয় খন্ড শিগগিরই প্রকাশিত হবে বলে জানা যায়, যেখানে ১৯৪৭-৭১ মধ্যবর্তী সময়ে জন্মগ্রহণকারী উদ্যোক্তাদের জীবনবৃত্তান্ত অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
