ইউরোপের মাটিতে প্রথমবার পারফর্ম করবেন উবাইদুল্লাহ রিদওয়ান

 

বাংলাদেশের গর্বিত সাংস্কৃতিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম একশন (DUMA)-এর ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাইলফলক। সংগঠনটির সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান প্রথমবারের মতো ইউরোপের মাটিতে মূকাভিনয় পরিবেশন করতে যাচ্ছেন।

আসন্ন ২৬ মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এই বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হবে। এটি হবে DUMA’র পক্ষ থেকে ইউরোপে কোনো শিল্পীর প্রথম মূকাভিনয় প্রদর্শনী।
অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় ওয়ারশের প্যালেস অব কালচার অ্যান্ড সায়েন্সের রাতুজোভা হলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, এই পরিবেশনা বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক ও জনগণ পর্যায়ের সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি শুধু DUMA’র জন্য নয়, বরং বাংলাদেশের মূকাভিনয় শিল্পের জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত। ইউরোপের কোনো দেশে প্রথমবারের মতো DUMA’র কোনো শিল্পীর মঞ্চায়ন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি মাইম একশন (DUMA) দীর্ঘদিন ধরে মূকাভিনয়কে একটি শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে আসছে। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সচেতনতা বিষয়ক বিভিন্ন পরিবেশনার মাধ্যমে সংগঠনটি দেশে-বিদেশে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

এই ঐতিহাসিক পরিবেশনার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের স্বাধীনতার গৌরব ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

  • -প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার করুন