একদল তরুণের স্বপ্ন, মানবতার পথে ‘হাদিয়া ফাউন্ডেশন’

  • নিজস্ব প্রতিবেদক
মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একদল স্বপ্নবাজ তরুণ। নিজেদের ক্ষুদ্র উদ্যোগকে বড় পরিসরে রূপ দিয়ে তারা গড়ে তুলেছে ‘হাদিয়া ফাউন্ডেশন’ যার মূল লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া।
প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে হাদিয়া ফাউন্ডেশন আয়োজন করেছে ‘ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি। এটি ছিল তাদের পঞ্চম আয়োজন, যা বিভিন্ন ধাপে সফলভাবে সম্পন্ন হয়েছে। শুধু ইফতার বিতরণেই সীমাবদ্ধ না থেকে তারা এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহারও পৌঁছে দিয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে জুব্বা, পায়জামা ও টুপি বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের আনন্দ ভাগাভাগি করেন- যেন একটুখানি ভালোবাসায় পূর্ণ হয় তাদের ঈদ।
রমজানজুড়ে কয়েকটি ধাপে পরিচালিত এই কার্যক্রমের প্রথম পর্বে রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে গৃদকালিন্দিয়া বাজারে ইফতারের আগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়, যা অনেকের জন্য ছিল অপ্রত্যাশিত এক সহমর্মিতার স্পর্শ।
তৃতীয় ও চতুর্থ পর্বে দেশের ভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই মানবিক উদ্যোগ। নীলফামারীর একটি মাদ্রাসা এবং ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের আয়োজন করা হয়। পরবর্তীতে পঞ্চম পর্বে ঈদ উপহার বিতরণের মাধ্যমে পুরো কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।
হাদিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. সজীব হোসেন জানান, আমাদের কার্যক্রম শুধু রমজান মাসেই সীমাবদ্ধ নয়। সারা বছর জুড়ে আমরা দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করে থাকি। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা, বন্যার সময় খাদ্য সহায়তা, স্বাবলম্বী করার লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, বন্যা পরবর্তী পুনর্বাসন হিসেবে ঘর নির্মাণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও তাদের নিয়মিত উদ্যোগের অংশ। একটি ছোট্ট স্বপ্ন থেকে যাত্রা শুরু হলেও আজ হাদিয়া ফাউন্ডেশন হয়ে উঠেছে অনেক অসহায় মানুষের আশার আলো।
শেয়ার করুন